৫০০–এর মধ্যে ৪৯৯ নম্বর পেল সম্বিত মুখার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন–আইসিএসই (দশমের পর ফাইনাল পরীক্ষা) ও ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট–আইএসসি (দ্বাদশের পর ফাইনাল পরীক্ষা) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল রোববার আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) সর্বভারতীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আইসিএসই পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে সম্বিত মুখার্জি। তার বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যর পূর্ব বর্ধমানে। বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষার্থী সে।

সম্বিতের বাড়ি বর্ধমান শহরের পার্কাস রোড এলাকায়। সম্বিত মুখার্জির বাবা মনোজ মুখার্জি পশ্চিমবঙ্গের রসায়ন শিল্প লিমিটেডের একজন বিজ্ঞানী। তার মা সুতপা মুখার্জি স্কুলশিক্ষক। ছোটবেলা থেকে সম্বিতের শখ ছিল ছবি আঁকা। বড় হয়ে গিটার আর দাবার প্রতি আকর্ষণ বাড়ে।

মনোজ মুখার্জি ইন্ডিয়া টুডেকে বলেন, ‘আমি জানতাম ছেলে এ বছর ভালো ফলাফল করবে। কিন্তু ভাবিনি সে দেশসেরা হবে।’ সম্বিত মুখার্জি ইন্ডিয়া টুডেকে বলে, ‘আমি আইআইটিতে যোগ দিতে চাই। ভবিষ্যতে একজন সফল কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।’

সম্বিতের পাশাপাশি পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মোহিকা দে’ও ভালো ফলাফল করেছে। আইসিএসই পরীক্ষায় তৃতীয় হয়েছে সে। মেদিনীপুরের বিদ‌্যাসাগর শিশু নিকেতনের শিক্ষার্থী মোহিকা ৫০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ৪৯৭। সিনেমা, ফুটবল বা ক্রিকেট নিয়েও আগ্রহ তার। ভবিষ‌্যতে চিকিৎসক হয়ে দরিদ্রদের সেবা করাই তার লক্ষ্য।

ছবি: সংগৃহীত

আইসিএসই পরীক্ষায় ভারতে প্রথম হয়েছে মোট ৯ জন। এবার সবাই ৪৯৯ নম্বর পেয়েছে। এ ছাড়া ৪৯৮ নম্বর পেয়ে পশ্চিমবঙ্গে দ্বিতীয় হয়েছে ৫ জন, তৃতীয় স্থানে ১৬ জন। আইসিএসই পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে দ্বিতীয় হয়েছে পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অব চার্চ স্কুলের অনুরাগ নন্দী, মালদহের নর্থ পয়েন্ট স্কুলের তৃষা বেহানি, কলকাতার ডি পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস, জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান, গার্ডেন হাই স্কুলের আরণ্যক সেন। তৃতীয় হয়েছে ক্যালকাটা গার্লস স্কুলের ঐশী চক্রবর্তী, মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের মোহিকা দে, নিউ টাউন দিল্লি পাবলিক স্কুলের অঙ্কন রায়, সায়ন সেন, অহনা বন্দ্যোপাধ্যায়, বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের অন্তরা দে, নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের ডরোথি মজুমদার, পৈলান ওয়ার্ল্ড স্কুলের রওনক সেন।

২০২৩ সালে পশ্চিমবঙ্গ থেকে আইসিএসই পরীক্ষা দিয়েছিল ৪১৮টি স্কুলের ৪১ হাজার ৫০৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২২ হাজার ৯৫৯ জন ছাত্র আর ১৮ হাজার ৫৪৭ জন ছাত্রী।