শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের লেখাপড়ায় যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি এই আহ্বান জানান।
শিক্ষার্থীদের জিম্মি করে রাজনীতির চেষ্টা করলে সেটা আসলে রাজনীতি হবে না, হবে অপরাজনীতি—এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আপনারা এমন কোনো কর্মসূচি দেবেন না, যেন তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়।’ তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে, সে জন্য ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শেষ করতে চাই।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯।
গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।