এসএসসি ও সমমানে প্রথম দিনে অনুপস্থিত ৩৩,৮৬০ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে
ছবি: প্রথম আলো

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে আজ বৃহস্পতিবার সারা দেশে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ২৬ পরীক্ষার্থী।

করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এই পরীক্ষা শুরু হলো।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সই করা প্রতিবেদনে বলা হয়, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৭২১ জন, রাজশাহীতে ১ হাজার ৭১৯, কুমিল্লায় ২ হাজার ৮৬৬, যশোরে ১ হাজার ৮২৯, চট্টগ্রামে ১ হাজার ৬৮৩, সিলেটে ১ হাজার ১১৯, বরিশালে ৯৯২, দিনাজপুরে ১ হাজার ৬৯৬, ময়মনসিংহে ১ হাজার ২ জন। এ ছাড়া মাদ্রাসায় ১০ হাজার ৯৫৮ জন ও কারিগরিতে অনুপস্থিত ছিল ৬ হাজার ২৭৫ জন। আজ সারা দেশে মোট ১৯ লাখ ৫ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন

এ ছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ১২ জন কারিগরির, ৮ জন মাদ্রাসার ও ৬ জন সাধারণ শিক্ষা বোর্ডের অধীন।

অন্যান্যবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও এবার যানজটের কথা বিবেচনা করে বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢুকতে হচ্ছে। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরও ঢুকতে দিতে হলে তার নাম, রোল নম্বর, দেরির কারণ ইত্যাদি একটি নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হচ্ছে। আর কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হচ্ছে।