জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি ২৬ ফেব্রুয়ারি–৩ মার্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের এ, বি, সি, ডি ও ই ইউনিটে দ্বিতীয় মেধাতালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে। ভর্তির প্রক্রিয়া আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) শুরু হয়ে আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয় পাওয়া শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও অনলাইনে ভর্তি ফি পরিশোধ করতে হবে। ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যদিবসে সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

ভর্তি ফি নির্ধারণ

বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলো, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোয় ভর্তি ফি (ব্যবহারিক ফিসহ) ১২ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বিজনেস স্টাডিজ অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলোয় (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৬৩০ টাকা।

আরও পড়ুন

প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ বা নম্বরপত্র, ভর্তি পরীক্ষার পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্ট করা ভর্তি ফরম ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

উল্লেখ্য, দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ৪ মার্চ তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন