প্রথম উপাচার্য পেল নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

অনুমোদনের তিন বছর পর প্রথম উপাচার্য পেল নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. নাজমুস সাদাত। তিনি গত ১৯ জুলাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে নারায়ণগঞ্জে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

২০২৩ সালে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ’–এর আইন পাস হয়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নাম পরিবর্তন করে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে আইন সংশোধন করা হয়। এখন বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হলো।

অন্যদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মো. সোহেল হাসানকে একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্যদের মেয়াদ হবে চার বছর। অবশ্য প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।