স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, আবেদন করুন দ্রুত

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিন বছরের গবেষণার সুযোগ নিয়ে চালু হয়েছে সায়েন্স ফেলোশিপ। প্রাকৃতিক বিজ্ঞানে মৌলিক পরীক্ষামূলক বা তাত্ত্বিক গবেষণায় আগ্রহী মেধাবী ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা এতে আবেদন করতে পারবেন।

যেসব বিষয়ে গবেষণার সুযোগ

এই ফেলোশিপে জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিকস, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং থিওরি, সিমুলেশনসহ প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

ফেলোশিপের সুবিধা

স্টাইপেন্ড: বছরে ৯৮ হাজার ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা)। এর পাশাপাশি স্ট্যানফোর্ডের বিভিন্ন সুবিধা, গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার, সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার স্থানান্তর ব্যয় এবং যোগ্য ফেলোদের জন্য শিশু যত্ন ও ভিসা ব্যয়ে সহায়তা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সায়েন্স ফেলোশিপে বছরে দেবে ৯৮ হাজার ডলার।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানী হতে হবে এবং ফেলোশিপ শুরু হওয়ার সময়ের আগের তিন বছরের মধ্যে পিএইচডি অর্জন করতে হবে। অন্য প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই বছরের পোস্টডক্টরাল অভিজ্ঞতা থাকা যাবে। বর্তমান স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও পোস্টডক্টরাল গবেষকেরা আবেদন করতে পারবেন না। একইভাবে, যাঁরা ১ মার্চ ২০২৭-এর আগে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যোগ দেবেন, তাঁরাও এ ফেলোশিপের জন্য অযোগ্য।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

অ্যাকাডেমিক জবস অনলাইন (এজেও) {Academic Jobs Online—AJO} প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের সম্ভাব্য স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গবেষণার সহযোগিতা ও হোস্টিংয়ের বিষয়ে আলোচনা করতে হবে। ফেলোশিপ পাওয়ার আগে অন্তত একজন স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যকে আবেদনকারীকে হোস্ট করতে সম্মত হতে হবে।

ফাইল ছবি

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সঙ্গে কারিকুলাম ভিটা, কভার লেটার, তিনটি সুপারিশপত্র, সর্বোচ্চ দুই পৃষ্ঠার ক্যারিয়ার স্টেটমেন্ট এবং সর্বোচ্চ দুই পৃষ্ঠার গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার সমস্যা, আগামী তিন থেকে পাঁচ বছরে কী অর্জন করা সম্ভব এবং প্রস্তাবিত গবেষণায় স্ট্যানফোর্ড কীভাবে সহায়তা করতে পারে—এসব বিষয় তুলে ধরতে হবে।

আরও পড়ুন

সময়সীমা ও মেয়াদ

ফেলোশিপের মেয়াদ তিন বছর। সাধারণত ফেলোশিপ শুরু হবে ১ সেপ্টেম্বর ২০২৭ এবং শেষ হবে ৩১ আগস্ট ২০৩০। তবে ১ জুলাই বা ১ আগস্ট থেকেও যোগদান করা সম্ভব। কোনো অবস্থাতেই ১ সেপ্টেম্বরের পরে যোগদান করা যাবে না।

আবেদনের শেষ সময়

১৬ অক্টোবর ২০২৬

* আবেদনের পদ্ধতিসহ, বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন