রাশিয়ার মেন্ডেলিভ পুরস্কার, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ও রাশিয়ার যৌথ উদ্যোগে একটি পুরস্কার দেওয়া হবে। এর কেতাবি নাম ‘মেন্ডেলিভ ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য বেসিক সায়েন্সেস’। এ পুরস্কারের জন্য প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব চাওয়া হয়েছে। এ পুরস্কারের জন্য নারী বিজ্ঞানীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

ইউনেসকোর সদস্যরাষ্ট্রগুলো থেকে এ প্রস্তাব পাঠানো যাবে। ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ পুরস্কারের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে। মৌলিক বিজ্ঞানের ক্ষেত্রে উন্নয়ন, জ্ঞান প্রচার ও আন্তর্জাতিক সহযোগিতায় অসামান্য অবদানের স্বীকৃতি দিতে এ আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের আওতায় রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, জীববিজ্ঞানসহ মৌলিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাগুলো অন্তর্ভুক্ত, যা উদ্ভাবন ও টেকসই উন্নয়ন অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবছর দুজন বিশিষ্ট বিজ্ঞানীকে এ পুরস্কার দেওয়া হয়। মৌলিক বিজ্ঞানের উন্নয়ন, জ্ঞান বিস্তার ও আন্তর্জাতিক সহযোগিতায় অসাধারণ অবদানের মাধ্যমে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে উল্লেখযোগ্য রূপান্তরমূলক প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিদের এ পুরস্কারের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার আড়াই লাখ ডলারের

‘মেন্ডেলিভ ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য বেসিক সায়েন্সেস’ পুরস্কারে প্রত্যেক বিজয়ী পাবেন আড়াই লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪ লাখ টাকার বেশি। এ ছাড়া বিজয়ীরা পাবেন স্বর্ণপদক, সনদ ও ডিপ্লোমার সুযোগ।

আবেদন কীভাবে, শেষ সময় কবে

আগ্রহী প্রার্থীদের ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ইংরেজি অথবা ফরাসি ভাষায় হতে হবে। নিবন্ধন ফরম ও বিস্তারিত তথ্য ইউনেসকোর ওয়েবসাইটে পাওয়া যাবে।