কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, রাজকীয় পুরস্কার ও ইংল্যান্ড ভ্রমণের সুযোগ
বিশ্বের অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ ‘দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’র ২০২৬ সালের আবেদন গ্রহণ চলছে। এই রচনা প্রতিযোগিতায় প্রতিবছর কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রচনা জমা দেওয়ার শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬।
ইংল্যান্ডের রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজন করে থাকে এই সৃজনশীল রচনা প্রতিযোগিতার। ২০২৬ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ মিলবে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।
৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক কমনওয়েলথের এই রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণ করার সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারবেন জয়ীরা। এই বিশেষ পুরস্কার বিতরণীতে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে। এই রচনা লিখতে কোনো বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।
রচনা লিখতে হবে ইংরেজিতে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টপিকের ওপর রচনা লিখতে হবে। একজন সর্বোচ্চ একটি টপিকের ওপরই রচনা লিখতে পারবেন। রচনার টাইটেল, বাচনভঙ্গি, শব্দচয়ন—নিজের মতো করে লিখতে পারবেন। জুনিয়র ক্যাটাগরির জন্য রচনা সর্বোচ্চ ৭৫০ শব্দের হতে পারবে, সিনিয়র ক্যাটাগরির জন্য ১৫০০ শব্দের। রচনা অনলাইনে জমা দিতে হবে। একজনের অথবা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া যাবে।
১. জুনিয়র ক্যাটাগরি
*বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)
*রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ৭৫০ হতে পারবে
২. সিনিয়র ক্যাটাগরি
*বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)
*রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ১৫০০ হতে পারবে
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে রচনা জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদনের বিস্তারিত জানতে এবং অনলাইনে রচনা জমা দিতে এখানে ক্লিক করুন।
*আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬