প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট
দুর্ঘটনায় আহত-অসচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের আবেদন শুরু
ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে দুর্ঘটনায় গুরুতর আহত, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট প্রান্তের আবেদন গ্রহণ চলছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ আবেদনপ্রক্রিয়া।
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ থেকে স্নাতক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা–২০১০ অনুসরণপূর্বক চিকিৎসা অনুদান দেওয়া হবে।
চিকিৎসা অনুদানপ্রাপ্তির জন্য শিক্ষার্থীকে https://www.eservice.pmeat.gov.bd/medical লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি দুই মাস অন্তর বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আহত শিক্ষার্থী তাঁর চিকিৎসা মেয়াদে একবারমাত্র অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এ জন্য ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।