বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ

ছবি: অভিনেতার সৌজন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর কোরিয়ার বুসান এশিয়ান ফিল্ম স্কুলে পড়াশোনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক। তাঁর পছন্দের বিষয় ছিল প্রযোজনা। মনোজ জানালেন, এশিয়ার নাগরিক হিসেবে বাংলাদেশের যে কেউ চাইলে এই বুসানে ফিল্ম স্কুলে ফ্রিতে পড়তে পারেন। অভিজ্ঞতা থেকে সেই পরামর্শগুলোই দিলেন এই অভিনেতা।

অভিনয়কে পেশা হিসেবে নেবেন, মনোজ এ সিদ্ধান্ত নিয়েছিলেন এক যুগ আগে। এরপরই যুক্ত হন শিক্ষকতায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়ান তিনি। ধীরে ধীরে নির্মাণে আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেমা বানান, সেসবের প্রযোজনায় যুক্ত থাকতে হয়। মনে হলো, কাজটা আরও ভালোভাবে শেখা দরকার।

কাজ শেখার জন্য মনোজের চোখ ছিল বুসান এশিয়ান ফিল্ম স্কুলের দিকে। আগে এখানে পড়ে গেছেন আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, তানভীর হোসেন, ফজলে হাসান, রাখা নোশিন নাওয়ার প্রমুখ। আবেদন করার পর ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রামে সাত মাসের আবাসিক শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছেন। টিউশন ফি থেকে শুরু করে থাকা কিংবা যাওয়া-আসার টিকিট, সবই ছিল বৃত্তির অধীনে।

আরও পড়ুন

২০২৪ সালের ২১ মার্চ বুসানে যান মনোজ। এশিয়ার ১৭ দেশ থেকে এ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন ১৯ জন। বিভিন্ন সংস্কৃতির ভিন্ন চিন্তার মানুষজনের সঙ্গে থাকা, রান্না করা, খাওয়া, পড়া থেকে ঘোরাঘুরি দারুণ উপভোগ করছেন তিনি।

মনোজ প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণ, যৌথ প্রযোজনা, পরিবেশনার ক্ষেত্রে প্রডিউসিং ট্র্যাক প্রোগ্রাম আমাকে সমৃদ্ধ করেছে। সিনেমা নিয়ে আমি অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। একই সঙ্গে বুসান চলচ্চিত্র উৎসবের অনেক সিনেমা দেখার সুযোগ পেয়েছি। মূলত এর মধ্যে দিয়ে তরুণদের বিভিন্ন দেশের প্রযোজক, সহকর্মীদের সঙ্গে একধরনের যোগাযোগ তৈরি হয়, যা পরবর্তী সময়ে খুবই কাজে দেয়।’

সিনেমা বানানোর জন্য এখন ইন্ডি ঘরানার নির্মাতারা যৌথভাবে এগিয়ে চলেছে। সেখানে এই ফিল্ম স্কুলটি খুবই গুরুত্বপূর্ণ বলে জানালেন মনোজ। স্কুলটিতে পড়তে আপনার পরামর্শ কী এমন প্রশ্নে মনোজ জানান, প্রথমত সিনেমা নিয়ে খুব বেশি জানা বোঝা থাকতে হবে তেমনটা নয়। বরং সিনেমা নিয়ে আগ্রহকে গুরুত্ব দেওয়া হয়। কেন সিনেমা কেউ বানাতে চায়, সেটা মুখ্য।

আরও পড়ুন

মনোজ জানান, এটা পুরোটা বৃত্তি। সব খরচ এশিয়ান ফিল্ম স্কুল কর্তৃপক্ষ বহন করবে। সেখানে অধ্যয়নের দুটি ট্র্যাক রয়েছে। একটি ‘প্রডিউসিং’ ও অন্যটি ‘বিজনেস ট্র্যাক’। একটি প্রযোজনাসংক্রান্ত, অন্যটি সিনেমার ব্যবসায়িক দিক সংক্রান্ত বিষয়ে বিস্তারিত পড়ানো হয়। সুযোগ পেলে কেউ চাইলে দুটো বিষয়েই পড়তে পারেন। সেই সুযোগও রয়েছে বললেন মনোজ।

এই অভিনেতা ও প্রযোজক বলেন,‘পোর্টফোলিওটা গুরুত্বপূর্ণ। এর সঙ্গে একটি ফিল্মের প্রস্তাবনা দিতে হয়। এগুলো যথাযথভাবে দিতে হবে। বোঝাতে হবে সিনেমার প্রতি আগ্রহ রয়েছে। এ ছাড়া ফিল্মের প্রস্তাবনার মধ্যে ডিরেক্টরস স্টেটমেন্ট, লগলাইন এগুলো গুছিয়ে লিখতে হবে। এশিয়ান ফিল্ম স্কুলে পড়েছেন এমন শিক্ষার্থী অথবা সিনেমা ইন্ডাস্ট্রির কারও কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। সাইটের আবেদনের সঙ্গে জমা দিতে হবে।’

আরও পড়ুন

মনোজ জানান, আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারীদের শর্টলিস্ট তৈরি, তারপর একটি ভিডিও সাক্ষাৎকার নেওয়া হয়। এখানে কেন শিক্ষার্থীর কাছে এই কোর্স গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে অনলাইনে কথোপকথন হয়। বেশ দক্ষতার সঙ্গে সিনেমা নিয়ে জানাতে হবে। মনোজ বলেন, ‘সিনেমা নিয়ে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। তবে প্রশ্ন ও কোর্স সবই হবে ইংরেজিতে। এ কারণে ইংরেজিতে দক্ষ হতে হবে।’

সবশেষে মনোজ বলেন, ‘সবার আগে মনে রাখা দরকার এটা এশিয়ান ফিল্ম স্কুল। এখানে এশিয়ার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের জায়গা থেকে এশিয়াকে এগিয়ে নিতেই বা হলিউড ইউরোপের সঙ্গে সিনেমা অঙ্গনে যে কম্পিটিশন সেখানে জায়গা করে নিতেই স্কুলটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কুলটি শুধু মাত্র পাঠদান করছে তা নয়, এশিয়ার দেশগুলোতে পৃষ্ঠপোষকতা করছে। কারণ, এশিয়ার অনেক দেশেই চলচ্চিত্র নিয়ে যথাযথ পড়াশোনার সুযোগ–সুবিধা নেই। সেখানে এশিয়ান বুসান ফিল্ম স্কুল আমাদের তরুণদের জন্য অনেক বড় সুযোগ তৈরি করে দিচ্ছে।’

এশিয়ান ফিল্ম স্কুলে আবেদন করার সর্বশেষ সময় ১১ নভেম্বর ২০২৬।