ফটোগ্রাফি নিয়ে লেখাপড়ার সুযোগ, নারী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি
ফটোগ্রাফি নিয়ে যাঁরা পড়াশোনা করতে চান, তাঁদের জন্য আছে সুখবর। ফটোগ্রাফিতে দুই বছরের ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছে কাউন্টার ফটো-এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস। আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে ক্লাস।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির শেষ তারিখ ২৫ জুলাই। এই কোর্সে ভর্তি–ইচ্ছুক নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা কাউন্টার ফটোর ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশন করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীরা ১৫টি ছবির পোর্টফোলিও ই–মেইলের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফটোগ্রাফি করছেন এবং ভবিষ্যতে ফটোগ্রাফিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান—এমন শিক্ষার্থীদের জন্য এই কোর্স। কাউন্টার ফটো-এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সও পরিচালনা করে থাকে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধারায় ফটোগ্রাফিতে পড়াশোনা সম্পন্ন করেছেন তিন হাজারের বেশি শিক্ষার্থী।
ভর্তি–ইচ্ছুকরা আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন [email protected] এই ঠিকানায়। কাউন্টার ফটোর ফেসবুক পেজেও তথ্য পাওয়া যাবে https://www.facebook.com/counterfoto/