কমনওয়েলথ একাডেমিক স্কলারশিপে পিএইচডি, শিক্ষকদের তথ্য চেয়েছে ইউজিসি
যুক্তরাজ্যের কমনওয়েলথ একাডেমিক স্কলারশিপ (পিএইচডি)-২০২৪–এর জন্য মনোনীত শিক্ষকদের তথ্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাছে চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঞ্জুরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি বিশ্ববিদ্যালয় থেকে যে কয়টি মনোনয়ন চাওয়া হয়েছে, তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে; কোনো বিকল্প প্রার্থী বা অতিরিক্ত প্রার্থীর মনোনয়ন কোনোক্রমেই গ্রহণযোগ্য হবে না। অতিরিক্ত মনোনয়ন প্রদান করা হলে মনোনয়নের ক্রম অনুসরণ করে শুধু নির্ধারিতসংখ্যক প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে।
যে শিক্ষক আগে বিদেশি বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনো বন্ডে আছেন অথবা দেশের মধ্যে এমফিল কিংবা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন, তাঁকে মনোনয়ন/ পুনর্মনোনয়ন না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রার্থীকে অবশ্যই আপনার বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষক হতে হবে এবং চাকরি স্থায়ী হতে হবে।
মনোনীত প্রার্থীকে আবেদন ফরম (নির্দিষ্ট ফরমেট অনুসারে কম্পিউটার কম্পোজড হতে হবে) পূরণ করতে হবে। আবেদন ফরমের সফট কপি ইউজিসির ওয়েবসাইট-এর স্কলারশিপ বক্সের কমনওয়েলথ অংশ থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা ফরমের সঙ্গে মনোনীত প্রার্থীর পাবলিকেশনের নামের তালিকা (কোনো প্রকাশিত ডকুমেন্ট নয়, শুধু নামতালিকা দিতে হবে) দিতে হবে। সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ ফরম পূরণ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর নিজ দায়িত্বে ইউজিসির ওয়েবসাইট থেকে সব তথ্য (যেমন নির্দেশনাসমূহ, নির্বাচনী সাক্ষাৎকারের তারিখ ও সময়, প্রাথমিক মনোনয়ন এবং এ–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি) জেনে নিতে হবে। প্রার্থীর সঙ্গে কমিশন থেকে কোনো প্রকার যোগাযোগ করা হবে না
স্কলারশিপের জন্য প্রাপ্ত আবেদনকারীকে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করা হবে। কেবল কমিশন কর্তৃক প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকেই যুক্তরাজ্যের কমনওয়েলথ কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণপূর্বক পুরণকৃত ফরমের এক কপি ইউজিসির আইসিসি শাখায় নির্ধারিত সময়ের মধ্যে জমা প্রদান করতে হবে।
প্রার্থী পূরণকৃত প্রাথমিক আবেদন ফরমসহ আপনার বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন কপি (পূরণ করা আবেদন ফরম ও বিশ্ববিদ্যালয়ের মনোনয়নের স্ক্যান পিডিএফ কপি) আগামী ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে [email protected]–এ অবশ্যই স্ক্যান কপি এবং সচিব, ইউজিসি বরাবর হার্ড কপি পাঠাতে হবে। নির্ধারিত তারিখের পর এ বিষয়ে কোনো ই–মেইল এবং হার্ড কপি গ্রহণ করা হবে না।