রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষা বিষয়ে ২ (দুই) বছর মেয়াদে এমফিল এবং ৩ (তিন) বছর মেয়াদে পিএইচডি ডিগ্রি কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। দুটি প্রোগ্রামই শিক্ষাক্রম অনুযায়ী পূর্ণকালীন গবেষণামূলক কাজ। যেকোনো বিষয়ে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। গবেষণার বিষয়বস্তু শিক্ষাসংশ্লিষ্ট হতে হবে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের এক বছরের কোর্সওয়ার্ক বাধ্যতামূলক, সেমিনার উপস্থাপন, অনুমোদিত বিষয়ে একটি থিসিস বা অভিসন্দর্ভ জমা দিতে হবে। মৌখিক ও ব্যবহারিক উভয় পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। ভর্তি হওয়া নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হবে।
এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা—
ক.
প্রার্থীর অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পদ্ধতিতে যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ ও অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
এবং
খ.
কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক/স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষার সনাতন পদ্ধতিতে যেকোনো একটিতে ন্যূনতম ৫৫ শতাংশ এবং অন্যটিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে (তবে কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে) অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪.০০ স্কেলের মধ্যে উভয় পরীক্ষার একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ এবং অন্যটিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
অথবা
আইন/বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/জীব ও ভূবিজ্ঞান/কৃষি/প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক/স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষার সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪.০০ স্কেলের মধ্যে উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।
অথবা
গ.
যে সব প্রার্থীর ওপরে বর্ণিত (ক) ও (খ)–এর শিক্ষাগত যোগ্যতার কোনো একটি শর্ত পূরণ হয় না, তাঁরা এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, যদি তাঁদের (i) পাবলিক বিশ্ববিদ্যালয়ে/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে ৩ (তিন) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা (ii) অনার্স পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে অনার্স শ্রেণিতে ৩ (তিন) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা (iii) কোনো স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠানে ৩ (তিন) বছরের গবেষণা কাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে যদি [(iii)–এর ক্ষেত্রে] কোনো স্বীকৃত জার্নালে ন্যূনতম ২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ২য় বিভাগ/শ্রেণি/সিজিপিএ ৩.০০–এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। ক ও খ–এর অধীনে এমফিল প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত প্রার্থীরা পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরিত হতে পারবেন না।
পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা—
ক. প্রার্থীর এমফিল বিধির (ক) ও (খ) ধারার ভর্তির যোগ্যতায় অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকতে হবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য সরাসরি প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন।
অথবা
খ. প্রার্থীর যদি এমফিল বিধির ৫ ধারায় বর্ণিত ভর্তির যোগ্যতা থাকে এবং তিনি যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/সরকারি বৃত্তি/বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ফেলোশিপ অর্জন করে থাকেন, তাহলে তাঁরা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন জমা দিতে পারেন।
অথবা
গ. এমফিল বিধির (ক) ও (খ)–এর যোগ্যতাসমূহ (i) পাবলিক বিশ্ববিদ্যালয়ে/ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে ৭ (সাত) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা (ii) অনার্স পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে অনার্স শ্রেণিতে ৭ (সাত) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা (iii) কোনো স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠানে ৭ (সাত) বছরের গবেষণা কাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে [(iii)–এর ক্ষেত্রে] কোনো স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউ) ন্যূনতম ৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে, তাহলে প্রার্থী পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/শ্রেণি/সিজিপিএ ৩.০০–এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।
*শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন (প্রজ্ঞাপন:শিম/শা:১১/৫-১(অংশ)/৫৮২ তাং ০২.০৬.২০০৯) অনুসারে ২০০১, ২০০২, ২০০৩ সালের এসএসসি বা সমমান এবং ২০০৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল অনুযায়ী এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রাথমিক আবেদন জমা দিতে পারবেন।
আবেদনপত্র সংগ্রহ যেভাবে—
পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখায় জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ৮ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সংগ্রহ করা যাবে আবেদন ফরম। প্রার্থী নিজে উপস্থিত হয়ে অথবা ২০ (বিশ) টাকার ডাক টিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম ও ব্যাংক ড্রাফট পাঠিয়ে ভর্তিসংক্রান্ত তথ্য ও কাগজপত্র উক্ত তারিখের মধ্যে সংগ্রহ করতে পারবেন।
আবেদনপত্র জমা যেভাবে—
প্রার্থীর সব পরীক্ষার সনদপত্র এবং মার্কশিট সার্টিফিকেটের সত্যায়িত কপি ও ২ (দুই) কপি ছবিসহ পূরণকৃত আবেদনপত্র আগামী ৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালে জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের তাদের নিজ নিজ নিয়োগকারীর মাধ্যমে আবেদন করতে হবে এবং এমফিল প্রোগ্রামের জন্য ১ (এক) বছর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২ (দুই) বছর ছুটি পাবেন মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে একটি সম্মতিপত্র ভর্তির সময় সংযুক্ত করতে হবে। কোর্সওয়ার্ক চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় ছুটির অনুমোদনপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদেরকে নোটিশ/পত্র দ্বারা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও ফলাফল প্রকাশের দিন পরবর্তী সময়ে জানানো হবে।
ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd তে পাওয়া যাবে।