স্লোভাকিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, মিলবে ১৫ হাজার ইউরোর বৃত্তি

ছবি: এআই/প্রথম আলো

ইউরোপে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ দিচ্ছে স্লোভাকিয়া সরকার। ‘স্লোভাকিয়া স্কলারশিপস ফর ট্যালেন্টেড স্টুডেন্টস ২০২৬–২৭’ নামের এ বৃত্তির আওতায় স্নাতক, সমন্বিত স্নাতক ও মাস্টার্স এবং মাস্টার্স পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতক ও সমন্বিত স্নাতক-মাস্টার্স পর্যায়ে সর্বোচ্চ ১৭০টি এবং মাস্টার্স পর্যায়ে ৫৫টি বৃত্তি দেওয়ার কথা রয়েছে।

বৃত্তির পরিমাণ

বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১৫ হাজার ইউরো বা ২১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। প্রতি মাসে ৫০০ ইউরো করে বছরে ১০ মাস—সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত—এ অর্থ দেওয়া হবে।

স্নাতক বা সমন্বিত স্নাতক-মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা সর্বোচ্চ তিন শিক্ষাবর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই শিক্ষাবর্ষ এ বৃত্তি পেতে পারেন।

আবেদনের যোগ্যতা—

স্লোভাকিয়া ছাড়া অন্য দেশের নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

স্নাতকপর্যায়ের আবেদনকারীদের আগে স্লোভাকিয়ার কোনো মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করা যাবে না। একইভাবে, স্লোভাক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আগে পড়াশোনা করা স্নাতকপর্যায়ের আবেদনকারীরাও সাধারণত এ বৃত্তির জন্য যোগ্য হবেন না; একাডেমিক মোবিলিটির ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তবে মাস্টার্স পর্যায়ে আগের উচ্চশিক্ষার বিষয়টি আবেদন থেকে বাধা দেবে না।

এসএটি বা এসসিআইও স্কোর বাধ্যতামূলক—

এ বৃত্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো মানসম্মত পরীক্ষার ফলাফল। আবেদনকারীর এসএটি পরীক্ষায় কমপক্ষে ১১০০ স্কোর অথবা এসসিআইও পরীক্ষায় গড়ে ৬৩ পার্সেন্টাইল অর্জন করতে হবে। আবেদনের সময় এসএটি–এর অফিসিয়াল স্কোর রিপোর্ট অথবা এসসিআইও পরীক্ষার ফলাফল জমা দিতে হবে। শিক্ষার্থীদের বাছাই মূলত মানসম্মত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে করা হবে।

এ ছাড়া আবেদনকারীকে ইংরেজিতে একটি কাঠামোবদ্ধ জীবনবৃত্তান্ত ও মোটিভেশন লেটার জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নেই। তবে ১৮ বছরের কম বয়সী হলে আইনগত অভিভাবকের স্বাক্ষরিত অনুমতি প্রয়োজন।

আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ সেপ্টেম্বর ২০২৬
আরও পড়ুন

প্রয়োজনীয় কাগজপত্র—

আবেদনের সময় সাধারণত যেসব নথি প্রয়োজন হবে—

– বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি;

– SAT বা SCIO পরীক্ষার ফলাফল;

– শিক্ষাগত যোগ্যতার সনদ ও সংশ্লিষ্ট একাডেমিক নথি;

– বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণ বা আবেদনসংক্রান্ত নথি, যদি থাকে;

– মোটিভেশন লেটার ও সিভি।

যেসব সুবিধা থাকছে—

বৃত্তির আওতায় মাসিক ৫০০ ইউরো বা ৭০ হাজার ৯২৫ আর্থিক সহায়তা পাবেন শিক্ষার্থীরা। বৃত্তির জন্য কোনো আবেদন ফি নেই। ভিসা ও অস্থায়ী বসবাসের অনুমতির প্রক্রিয়ায়ও সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

আবেদনের নিয়ম—

প্রথমে স্লোভাকিয়ার নির্বাচিত সরকারি বা রাষ্ট্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন স্নাতক, সমন্বিত স্নাতক-মাস্টার্স অথবা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর বৃত্তির নির্ধারিত অনলাইন পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ সেপ্টেম্বর ২০২৬।

*আবেদনের বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন