জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা

মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।প্রথম আলো ফাইল ছবি

জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত বা ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন বা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

হোনজো ফাউন্ডেশনের এ বৃত্তির জন্য জাপানের নাগরিক ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭ সালের এপ্রিল থেকে জাপানের কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা শুরু করবেন, এমন শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ২০২৭ সালের শরৎকালীন ভর্তি নেওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের পড়াশোনা শেষে নিজ দেশে অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ থাকতে হবে।

বৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, জাপানি ভাষায় মৌলিক কথোপকথনের সক্ষমতা। বাছাইপ্রক্রিয়ার সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বৃত্তির সুযোগ-সুবিধা—

এক বা দুই বছরের ডিগ্রি প্রোগ্রামের জন্য মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা), তিন বছরের প্রোগ্রামের জন্য ২ লাখ ১০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা)। এ চার বা পাঁচ বছরের প্রোগ্রামের জন্য মাসে ১ লাখ ৮০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা) দেওয়া হবে।

যেসব কাগজপত্র লাগবে—

আবেদনের সময় শিক্ষার্থীর ছবি, দুই মিনিটের গবেষণা পরিকল্পনা-সংক্রান্ত ভিডিও, স্নাতক পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাব, তত্ত্বাবধায়কের সুপারিশপত্র এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বা গ্রহণপত্র জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে গবেষণার সম্ভাব্য অবদান এবং গবেষণা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অর্জনের বিষয় উল্লেখ করতে হবে। চাইলে ৩০ সেকেন্ডের আত্মপরিচিতিমূলক ভিডিওও জমা দেওয়া যাবে।

ফাইল ছবি
আরও পড়ুন

আবেদন ও বাছাই

https://entry.hisf.or.jp/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের ফল ২০২৭ সালের ৩১ জানুয়ারি প্রকাশের কথা রয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকার ৯ ফেব্রুয়ারি ২০২৭ টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা। চূড়ান্ত ফল ৩১ মার্চ ২০২৭ প্রকাশ করা হবে।

আবেদনের শেষ তারিখ—

৩১ অক্টোবর ২০২৬

*আবেদনের পদ্ধতি ও আবেদনের সব তথ্য পেতে এখানে ক্লিক করুন

https://www.hisf.or.jp/en/scholarship/foreigner/

আরও পড়ুন