ইউরোপের বিভিন্ন দেশে পড়ার মৃত্তি ইরাসমাস মুন্ডাস যেভাবে পেলাম

অন্য শিক্ষার্থীদের সঙ্গে লেখকছবি: লেখকের পাঠানো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন থাকে সবার। আমিও দেশের পড়াশোনা শেষ করে এখন পড়ছি ইউরোপের একটি বিশ্ববিদ্যালয়ে। এ সুযোগ পেয়েছি ইরাসমাস মুন্ডাস বৃত্তির মাধ্যমে। আমার প্রোগ্রামের নাম ইন্টারকালচারাল লিডারশিপ ইন দ্য ডিজিটাল এরা। সহজ করে বললে প্রযুক্তিনির্ভর এই সময়ে নানা দেশ, নানা সংস্কৃতির মানুষ নিয়ে গড়া দলকে কীভাবে নেতৃত্ব দিতে হয়, আমরা সেটাই শিখছি।

দুই বছরের এই মাস্টার্সে পাঁচ বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজন। আছে পোল্যান্ডের নিকোলাস কোপার্নিকাস ইউনিভার্সিটি (এনসিইউ), স্পেনের ইউনিভার্সিটি অব গ্রানাডা, অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস আপার অস্ট্রিয়া, ইউক্রেনের সাইমন কুজনেৎস খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি অব ইকোনমিকস আর মরক্কোর হাসান টু ইউনিভার্সিটি অব কাসাব্লাঙ্কা। মানে ইউরোপের সঙ্গে আফ্রিকাও আছে এই যাত্রায়।

আমাদের শুরুটা হয়েছিল পোল্যান্ডের তোরুন শহরে, এনসিইউতে সবাই মিলে ইন্টিগ্রেশন পর্ব দিয়ে। সেখান থেকে গ্রানাডা। প্রোগ্রামে ট্র্যাক দুটি, তাই দ্বিতীয় সেমিস্টারে আমরা দুই ভাগ হয়ে যাব। এক দল যাবে পোল্যান্ডে, আরেক দল অস্ট্রিয়ায়।

শুরুর গল্প

আমার প্রোগ্রামটা খুঁজে পাওয়ার পর প্রথমেই এমন একজনকে খুঁজেছিলাম, যিনি আগে এখানে আবেদন করেছেন। আসলে কাউকে পাইনি। কারণ, এই প্রোগ্রামের প্রথম ব্যাচ আমরা। আমি এখন স্পেনের গ্রানাডায় প্রথম সেমিস্টারের ক্লাস করছি। দেশে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স করেছি। এরপর পড়েছি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি), মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ। ইচ্ছা ছিল মানুষের দিকটা নিয়ে গবেষণা করার। সেই ইচ্ছা থেকেই ইরাসমাস মুন্ডুসে আসা। এই পর্যন্ত আসার প্রস্তুতি শুরু হয়েছিল প্রায় এক বছর আগে। তখনো আবেদনের পোর্টাল খোলেনি। ধীরে ধীরে গবেষণাপত্র লিখেছি, কাজের অভিজ্ঞতা জমিয়েছি। পাশাপাশি চলেছে প্রোগ্রাম খোঁজা।

আরও পড়ুন

প্রোগ্রামের খোঁজে

ইরাসমাস মুন্ডুসের একটি ক্যাটালগে সব প্রোগ্রামের তালিকা পাওয়া যায়। তালিকা ধরে ধরে আমি দুটি প্রশ্নের উত্তর খুঁজেছি। এক, প্রোগ্রামটা কি আমার আগের পড়াশোনার সঙ্গে যায়? দুই, বিষয়টাতে কি আমার সত্যিই আগ্রহ আছে? আমার পড়াশোনা মানবসম্পদ ব্যবস্থাপনায়, গবেষণার আগ্রহ ডিজিটাল যুগের নেতৃত্ব নিয়ে। ক্লাইডে এসে দুটিই মিলে গেল। ইরাসমাস মুন্ডুসে আসল সিদ্ধান্ত একটাই—কোন প্রোগ্রাম। সিদ্ধান্ত নেওয়ার পর প্রোগ্রামটি সম্পর্কে যা পেয়েছি, সব পড়েছি, আবেদনকারীর কাছে কী চাওয়া হচ্ছে। তারপর সেই তালিকা ধরে একটি একটি করে কাগজ তৈরি করেছি। পুরো আবেদনে আমার প্রধান ভরসা ছিল প্রোগ্রামের ওয়েবসাইট। সেখানে যা লেখা আছে, সেটা মেনেই এগিয়েছি।

আবেদনের নানা ধাপ

আবেদনের পুরোটাই অনলাইনে, প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে। ধাপগুলো মোটামুটি এ রকম। প্রথমে আবেদন ফরম। সেখানে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ভাষাদক্ষতা, কাজের অভিজ্ঞতা। এরপর সিভি (ইউরোপাস ফরম্যাটে হলে ভালো), মোটিভেশন লেটার আর অন্তত দুটি রেকমেন্ডেশন লেটার; একটি শিক্ষকের, একটি কর্মক্ষেত্রের। লাগে স্নাতকের সনদ ও ট্রান্সক্রিপ্ট।

ইংরেজিতে বি-টু মানের দক্ষতার প্রমাণও দিতে হয়; আমি দিয়েছিলাম আইইএলটিএস স্কোর। একটি কাগজের নাম অনেকের কাছে নতুন লাগবে: এলিজিবিলিটি স্টেটমেন্ট। আপনার ডিগ্রি দিয়ে যে ওই দেশে মাস্টার্সে ভর্তি হওয়া যায়, এটি তারই প্রমাণ। পোল্যান্ডের সংস্থা নাওয়ার সিরেনা পোর্টালে আবেদন করলে বিনা খরচে পাওয়া যায়। গবেষণা প্রবন্ধ, চাকরি বা ইন্টার্নশিপের প্রমাণ থাকলে সেগুলোও যোগ করা যায়। আর আছে ‘ভিডিও বিজনেস কার্ড’, যেখানে ভিডিওতে নিজেকে তুলে ধরতে হয়। সত্যি বলতে, আমার সবচেয়ে বেশি ঘাম ঝরেছে দুই জায়গায়। মোটিভেশন লেটার লেখা আর ভিডিও বানানো। আবেদন জমার পরের ধাপ সাক্ষাৎকার। সেখানে ডাক পান মাত্র ৮০ জন। তারপর চূড়ান্ত ফল। জমা দেওয়া কাগজপত্রের প্রতিটি অংশের জন্য নম্বর আছে, সাক্ষাৎকারের জন্যও আছে। সেই নম্বর দিয়েই প্রার্থী বাছাই হয়। ভালো দিক হলো, নিজের নম্বর আবেদনের পোর্টালেই দেখা যায়।

এখন আছি ইউরোপে

ফল পাওয়ার পর যে উত্তেজনা হয়েছিল, তার সঙ্গে আর কিছুর তুলনা হয় না। আমি সত্যিই ইউরোপে পড়তে যাচ্ছি! এখন পর্যন্ত এখানকার পড়াশোনা খুব ভালো লাগছে। চেনা বিষয়গুলোই এখানে অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে শিখছি। তত্ত্ব আর ব্যবহারিক এখানে পাশাপাশি চলে। যাকে বলে ‘লার্নিং বাই ডুয়িং’, মানে করতে করতে শেখা। যাঁরা আগামীবার আবেদন করবেন, তাঁদের দুটি কথা বলব। প্রথমত, আগে শুরু করুন। পোর্টাল খোলেনি, এটা বসে থাকার কারণ হতে পারে না। কোন প্রোগ্রাম আপনার সঙ্গে মেলে, খুঁজে বের করুন। কী কী লাগবে, জেনে নিন। তারপর ধীরে ধীরে তৈরি হোন। গবেষণাপত্র, কাজের অভিজ্ঞতা কিংবা একটি ভালো রেকমেন্ডেশন লেটার, কোনোটিই এক দিনে হয় না। দ্বিতীয়ত, নিজেকে ঠিকভাবে তুলে ধরুন। আপনার সিভি, মোটিভেশন লেটার আর অভিজ্ঞতা পড়ে যেন পরিষ্কার বোঝা যায়, কেন এই প্রোগ্রাম আপনার জন্য। আর কেন প্রোগ্রামটিরও আপনাকে দরকার। প্রোগ্রামের ওয়েবসাইট খুঁটিয়ে পড়ুন, আবেদনের দরকারি তথ্য সেখানেই আছে। আগে আবেদন করেছেন—এমন কাউকে না পেলেও ঘাবড়াবেন না। ইরাসমাস মুন্ডুস দূরের কোনো স্বপ্ন নয়; সময় নিয়ে প্রস্তুতি নিলে এটা নাগালের মধ্যেই। তাই আবেদন করার আগেই নিজেকে বাদ দিয়ে দেবেন না। বাছাইয়ের কাজটা কমিটির ওপরই ছেড়ে দিন। যাঁরা এ বছর আবেদন করছেন, সবার জন্য শুভকামনা।

*লেখক: জিনিয়া ইসলাম, ইউনিভার্সিটি অব গ্রানাডা, মাস্টার্স প্রথম বর্ষ, প্রথম সেমিস্টার, গ্রানাডা, স্পেন