উজ্জ্বল আলোয় অক্সফোর্ড যাত্রা
বিশ্বসেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নের বীজটা স্বপ্নদুয়ারে রোপণ করেছিলাম ঠিক তখনই, যখন বিজ্ঞানী হওয়ার তীব্র বাসনা ও আকাঙ্ক্ষার এক দুঃসাহসিকতার পাল তুলেছিলাম। এ দুঃসাহসিকতার অভিযানে নির্ভীক অভিযাত্রী যে আমি হতে পারব, এ নিয়ে আমার মনে কোনো সংশয় ছিল না। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ থেকেই আসলে এ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একাডেমিক পড়ালেখার বাইরেও গবেষণা কর্মকাণ্ড নিয়ে কঠিন অধ্যবসায়ে নিমজ্জিত ছিলাম।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে যোগ্যতার মাপকাঠি, প্রতিনিয়ত তা চোখ বুলিয়ে রাখতাম আর সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার লক্ষ্যে মগ্ন থাকতাম। যেহেতু আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলাম, ওই সময় থেকেই গবেষণার প্রতি জোর দিতাম এবং দেশ ও দেশের বাইরে বিভিন্ন গবেষণা প্রতিযোগিতায় যোগ দিতাম। ফলে জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, জাপান হংকংসহ বিভিন্ন দেশে গবেষণা ও তাদের ল্যাব পরিদর্শনের সুযোগ পাই, অক্সফোর্ডে পড়াশোনা করার প্রবল ইচ্ছাকে ব্যাকুলভাবে আন্দোলিত করে। এরই মধ্যে জার্মানিতে বিভিন্ন দেশের (২৪টি) প্রতিযোগীদের নিয়ে গবেষণা–সংক্রান্ত দুই মাসের (৮ সপ্তাহ) সামার স্কুলের একজন প্রতিযোগী হিসেবে সুযোগ মেলে। সুযোগ পেয়ে যাই জার্মানির ৮টি গবেষণাগারে গবেষণা করার, সেই সঙ্গে জার্মানির বিখ্যাত গবেষকদের একান্ত সাহচর্যও পাই। এ অভিজ্ঞতাগুলো আমার পরবর্তী জীবনে বিজ্ঞানী হওয়ার তীব্র অনুপ্রেরণা জোগায়। গবেষণা ক্যাম্প শেষে প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোর করে আমি প্রথম স্থান পেয়ে জার্মানির DAAD বৃত্তি লাভ করি। কিন্তু বিধিবাম; আমার স্বপ্ন যে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার।
জার্মান সরকারের বৃত্তি নাকচ করে দিই। কিছুটা মন খারাপ হলেও অক্সফোর্ডে পড়ার স্বপ্নে এটাকে তুচ্ছ মনে হয়েছে। বলে রাখা ভালো, আমি তত দিনে কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবেদনই করিনি। আমি শুধু নিজেকে তৈরি করছিলাম এবং বিশ্বাস ছিল যে আমি অক্সফোর্ডে পড়ার সুযোগ পাব। এরই মধ্যে ২৫টির মতো রিসার্চ পাবলিকেশনস, আইইএলটিএস স্কোর ৭.৫ (প্রত্যেক ব্যান্ডেই ৭–এর ওপর) এবং অন্যান্য মানদণ্ড (cGPA, Motivation Letter, Conference, Research Fund, Extracurricular activities) ইত্যাদি নিয়ে অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করি। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে অফার পেয়ে যাই। কিন্তু অফার পাওয়ার পরও কেন জানি মনটা সায় দিচ্ছিল না। কেননা, আমার অক্সফোর্ডে পড়ার স্বাদ চাই-ই চাই।
২০১৮ সালে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের তিনটি ডিপার্টমেন্টে আবেদন করি। বেশ কয়েকজন অধ্যাপককে ই-মেইল দিই। ৩টি ডিপার্টমেন্ট থেকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো। ইন্টারভিউ প্রত্যাশার চেয়েও ভালোই হলো। ইন্টারভিউ দেওয়ার পরে ই-মেইলে জানিয়ে দেওয়া হলো, আমি অক্সফোর্ডে পড়ার জন্য নির্বাচিত হয়েছি। আসলে ওই দিনটি আমার ভোলার নয়। কারণ, আমি যেন এ দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু সমস্যাটা দেখা দিল পড়ালেখার খরচ, মানে ফান্ডিং নিয়ে। নির্বাচিত হয়েও ফান্ডিংয়ের অভাবে ওই বছর আর পড়তে পারলাম না স্বপ্নের জায়গায়।
পরের বছর আবার আবেদন করলাম। আবার অ্যাডমিশন পেলেও ফান্ডিংয়ের অভাব। এরই মধ্যে অক্সফোর্ডের একজন অধ্যাপককে রাজি করালাম। কিন্তু তিনি অর্ধেক খরচ বহন করতে চাইলেন। জানালেন, ফুল ফান্ডিং করা তাঁর পক্ষে সম্ভব না। ফুল ফান্ডিং ছাড়া আমার পক্ষে পড়া সম্ভব ছিল না। কারণ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা খুবই ব্যয়বহুল।
পরপর দুবার ব্যর্থ হয়ে কিছুটা হতাশ হলেও আরও বেশি করে নিজেকে ঝালিয়ে নিলাম যে কীভাবে আমি ফান্ডিং পেতে পারি। অবশেষে তৃতীয়বারে আমি ১০০% বৃত্তিসহ অক্সফোর্ডে পড়ার সুযোগ পেলাম। আগামী অক্টোবরে আমি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে বিচরণ করতে পারব। ভালো মানের একজন বিজ্ঞানী হওয়ার রসদ জোগাড়ে সচেষ্ট থাকব, যেন আগামী বাংলাদেশকে গবেষণা ও বিজ্ঞানজগতে প্রতিনিধিত্ব করতে পারি। কারণ, উন্নত ও অনেক উন্নয়নশীল দেশের তুলনায়ও বাংলাদেশ গবেষণায় বেশ পিছিয়ে, যা কোভিড-১৯ মহামারিতে এর তীব্রতা দৃশ্যমান হয়েছে। তাই আগামী দিনে প্রত্যাশা থাকবে, বাংলাদেশ থেকে যেন আরও বেশি বেশি শিক্ষার্থীর অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়, যাতে সেখান থেকে অর্জিত জ্ঞান উন্নত গবেষণার উর্বর ক্ষেত্র হিসেবে অনুসরণীয় বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারে।
এ ক্ষেত্রে আসলে সুযোগ করে নিতে হবে। আর এ জন্য থাকতে হবে দৃঢ় অধ্যবসায় ও স্বপ্নকে বাস্তবায়িত করার সফল প্রয়াস। ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম যেমন বলেছিলেন, ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই, যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’ এ জন্য বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই লক্ষ্যকে স্থির রেখে স্বপ্ন দেখা শুরু করতে হবে, আর এ ক্ষেত্রে বাধা এলে তা দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার সূদৃঢ় প্রত্যয় থাকতে হবে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপট, বিশেষ করে সমাজ ও পরিবারগুলোতে এখনো উচ্চশিক্ষা ও গবেষণা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়নি, কিন্তু সময় এসেছে পরিবর্তনের। কারণ, একটি দেশ ততটাই উন্নত, যতটা উন্নত গবেষণায়। তাই সরকার, সমাজ ও পরিবার—সবারই উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ব্যাপারে আগ্রহী করে তোলা। তাহলে হয়তোবা তাঁদের মধ্যেই আমরা খুঁজে পাব ভবিষ্যতের বিজ্ঞানী, যাঁদের জ্ঞানের আলোয় আলোকিত হবে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ও উজ্জ্বল ভবিষ্যৎ।
*লেখক: মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সায়েন্টিফিক অফিসার ও ইনচার্জ, বায়োইনফরমেটিকস ডিভিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, সাভার, ঢাকা