কানাডায় পড়া বাংলাদেশিদের জন্য বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের বৃত্তি
কানাডার বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ দেশটিতে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে। পাঁচটি গবেষণাকর্মের জন্য দেওয়া হবে এ বৃত্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির সম্মানে এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে কানাডায় স্নাতক অথবা স্নাতকোত্তর শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের প্রধান পৃষ্ঠপোষক খলিলুর রহমান গত ১৫ আগস্টে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।
বৃত্তির জন্য নির্ধারিত বিষয় হলো—
*বঙ্গবন্ধুর শান্তিদর্শন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এর ইতিবাচক ভূমিকা ও গুরুত্ব।
*বঙ্গবন্ধুর স্বাস্থ্যদর্শন ও বাংলাদেশে আজকের স্বাস্থ্য খাতে উন্নয়নে এর ভূমিকা।
*বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা।
*রাজনীতিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের অবদান ও আজকের বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণে এর তাৎপর্য।
*শহীদ ক্যাপ্টেন শেখ কামাল: বাংলাদেশের আধুনিক ক্রীড়াজগতের রূপকার।
আবেদনের বিস্তারিত
*বাংলাদেশি নাগরিক যাঁরা কানাডার যেকোনো ইউনিভার্সিটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের উইন্টার সেশনে গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েটে পড়াশোনা করছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
*একজন একটি বিষয়ের ওপর গবেষণাকর্ম জমা দিতে পারবেন।
*নারী আবেদনকারীদের প্রাধান্য দেওয়া হবে।
*ছয় মাসের মধ্যে এ গবেষণার অগ্রগতিপত্র কমিটির কাছে জমা দিতে হবে।
*চূড়ান্ত গবেষণাপত্র এক বছরের মধ্যে জমা দিতে হবে।
*নির্বাচিত ব্যক্তিদের গবেষণার শুরুতে ৭৫ শতাংশ স্কলারশিপের অনুদান প্রদান করা হবে, বাকি অনুদান গবেষণা শেষে প্রদান করা হবে।
*আগামী ১ নভেম্বর ২০২১–এর মধ্যে আবেদন করতে হবে।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমানের উদ্যোগে এ বছরের ২৬ মার্চে কানাডায় বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ গঠিত হয়। এ স্কলারশিপের বিস্তারিত তথ্য জানতে ঢুঁ মারতে হবে www.bcbscanada.org/scholarship/ ও
www.bcbscanada.org/scholarship/howtoapply এ।