বাংলাদেশিদের ৮০-৯০ শতাংশ স্কলারশিপ দেবে ভারতের বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি শিক্ষার্থীদের ৮০-৯০ শতাংশ স্কলারশিপ দেবে ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। চলতি বছর থেকে আবাসিক এ বিশ্ববিদ্যালয়টিতে ২০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে ভারতের বিশ্ববিদ্যালয়টি
ছবি: বাসস

বাংলাদেশি শিক্ষার্থীদের ৮০-৯০ শতাংশ স্কলারশিপ দেবে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। চলতি বছর থেকে আবাসিক এ বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন গ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগামে ৮০ থেকে ৯০ শতাংশ স্কলারশিপ পাবেন ২০ জন বাংলাদেশি শিক্ষার্থী।

লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিবের (অতিরিক্ত দায়িত্ব) সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠকের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সঙ্গে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের উপপরিচালক নিতীশ মহাজন। এ সময় ইউজিসির ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও কোলাবরেশন শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া এবং উপপরিচালক সুরাইয়া ফারহানা উপস্থিত ছিলেন।

লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ২০০-এর অধিক গ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট ও পিএচডি প্রোগাম চালু রয়েছে। বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ও এলপিইউয়ের মধ্যে শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে ২০১৮ সালে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮০০–এর অধিক বাংলাদেশি শিক্ষার্থী প্রকৌশলসহ বিভিন্ন প্রোগামে অধ্যয়ন করছেন। তথ্যসূত্র: বাসস