বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের যে আশ্বাস অধিদপ্তরের
ভুল তথ্যের জন্য কিছু শিক্ষার্থীর বৃত্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়নি বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। তবে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির এমআইএস সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। তাই এসব শিক্ষার্থীর তথ্য সংশোধনে এখনই সুযোগ দেওয়া হচ্ছে না। এসব শিক্ষার্থীর ভুল তথ্য সংশোধনের পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।
এ ব্যাপারে শিক্ষা অধিদপ্তর থেকে সব সরকারি–বেসরকারি স্কুল-কলেজের প্রধান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মেডিকেল ও প্রকৌশল কলেজে চিঠি পাঠানো হয়েছে।
অধিদপ্তরের চিঠিতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সব ধরনের বৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সে অনুসারে ২০১৯-২০ অর্থবছর থেকে অর্থ বিভাগের এসপিএফএমএসপি প্রকল্পের এমআইএস সফটওয়্যারের আওতায় বৃত্তির টাকা শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। বৈশ্বিক অতিমারির কারণে ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানপ্রধানের সহযোগিতায় ২০১৯-২০ অর্থবছরে ১ লাখ ২৪ হাজার ২৪৮ শিক্ষার্থীকে ৩৫ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা এবং ২০২০-২১ অর্থ বছরে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমআইএস সফটওয়্যারে সঠিকভাবে এন্ট্রিকৃত ৪ লাখ ৮৮ হাজার ৫৪৪ শিক্ষার্থীর ব্যাংক হিসাবে ২৩৮ কোটি ৮ লাখ ২৫ হাজার ৪০ টাকা পাঠানো হয়েছে।
এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকৃত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য যাচাই করে দেখা যায়, কিছু শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর, বৃত্তির ধরন, পাসের বছর, অধ্যয়নরত শ্রেণি, মা–বাবার এনআইডি নম্বর, একই শিক্ষার্থীর তথ্য একাধিকবার এন্ট্রি করা ইত্যাদি বিভিন্ন প্রকার ভুল তথ্য প্রতিষ্ঠান থেকে এমআইএস সফটওয়্যারে এন্ট্রি হয়েছে। আবার কিছু শিক্ষার্থীর তথ্য সঠিক থাকলেও শিক্ষার্থীর ব্যাংক হিসাব অ্যাকটিভ না থাকায় পাঠানো টাকা বাউন্স ব্যাক হয়েছে। এসব ভুল তথ্যের কারণে বৃত্তিপ্রাপ্ত কিছু শিক্ষার্থীর বৃত্তির অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো করা সম্ভব হয়নি।
শিক্ষা অধিদপ্তর আরও বলছে, বর্তমানে শিক্ষা অধিদপ্তরের নিজস্ব এমআইএস সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে। রাজস্ব খাতভুক্ত বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারণ কোটা এবং বিভিন্ন সম্প্রদায় বা শ্রেণির উপবৃত্তি ও পেশামূলক বৃত্তি) শিক্ষার্থীদের নতুন তথ্য এন্ট্রি ও ভুল তথ্য সংশোধনসংক্রান্ত সব কাজ সাময়িকভাবে বন্ধ আছে।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মাউশি বলছে, এমআইএস সফটওয়্যারের ডেভেলপমেন্ট কার্যক্রম শেষ হলে তথ্য এন্ট্রি ও ভুল সংশোধনের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে। যেসব শিক্ষার্থী বৃত্তির টাকা পায়নি, প্রতিষ্ঠান থেকে ভুল তথ্য সংশোধন সাপেক্ষে পরবর্তীকালে বিধি মোতাবেক তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।