মার্কিন মাইক্রোস্কলারশিপ পেলেন ৭৬ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য রাখছেন রাষ্ট্রদূত আর্ল মিলার
ছবি: দূতাবাসের ফেসবুক

মার্কিন দূতাবাস আয়োজিত ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামে অংশ নিয়েছেন রাজশাহী ও চট্টগ্রামের ৭৬ শিক্ষার্থী। এই প্রোগ্রামের মাধ্যমে তাঁরা ইংরেজি ভাষা, বিশ্লেষণী চিন্তা ও নেতৃত্বের দক্ষতা অর্জন করেছেন। করোনা মহামারির এ সময়ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করায় রাজশাহী ও চট্টগ্রামের স্থানীয় মাদ্রাসা ও সরকারি স্কুলের ৩৮ তরুণী ও ৩৮ তরুণ শিক্ষার্থীর ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত মিলার।

ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামটি দুই বছর মেয়াদি একটি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখানোর পাশাপাশি আমেরিকান সংস্কৃতি ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার ভিত্তি গড়ে দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহণ ও কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নিজেদের আরও বেশি যোগ্য করে তুলতে পারেন।

মার্কিন দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘আমি বিশ্বাস করি, এটি এমন এক অর্জন যা আপনাদের জীবনব্যাপী অনেক অর্জনের সূচনা করলমাত্র। আপনাদের প্রতি আমার সেই বিশ্বাস আছে এবং এই অসাধারণ যাত্রায় আপনাদের সহযোগিতাকারী আপনাদের শিক্ষক, সহপাঠী ও প্রিয়জনেরাও সেটাই বিশ্বাস করেন। আপনারাই সেই মেধাবী এবং বুদ্ধিদীপ্ত নেতা, যাঁরা আগামীর বাংলাদেশের গতিপথ তৈরি করবেন।’

২০০৪ সালে এ কর্মসূচি চালু হওয়ার পর এখন পর্যন্ত ১ হাজার ৩৩৬ বাংলাদেশি শিক্ষার্থী সফলভাবে এ কোর্স সম্পন্ন করেছেন
ছবি: বিজ্ঞপ্তি

বর্তমানে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ২০০ শিক্ষার্থী এ কর্মসূচিতে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করছেন। ২০০৪ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৬ বাংলাদেশি শিক্ষার্থী সফলভাবে এ কোর্স সম্পন্ন করেছেন। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইতিমধ্যে এই কোর্স সম্পন্নকারী বিশ্বের ৮৫টি দেশের প্রায় ৯৫ হাজার প্রাক্তন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হলেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংরেজি ভাষা কার্যক্রম সম্পর্কে আরও জানতে দেখুন