টিকটকে বড় ভিডিও তৈরি করে বেশি আয়ের সুযোগ
ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার ব্যবহারকারীদের জন্য আকারে বড় ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ চালু করেছে টিকটক। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও ধারণ করে বিনিময় করা যাবে। বড় ভিডিওতে বেশি বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকায় ভিডিও নির্মাতাদের আয়ও বর্তমানের চেয়ে বেশি হবে। এত দিন সর্বোচ্চ ৩ মিনিটের ভিডিও ধারণ করে টিকটকে বিনিময়ের সুযোগ মিলত।
এ বিষয়ে গতকাল সোমবার টিকটক কর্তৃপক্ষ বলেছে, ‘১০ মিনিটের ভিডিও আপলোডের সুযোগ চালু করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, এর ফলে বিশ্বজুড়ে আমাদের নির্মাতাদের সৃজনশীলতা আরও বৃদ্ধি পাবে।’
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইনসাইডার ইন্টেলিজেন্সের বিশ্লেষক জেসমিন এনবার্গের তথ্যমতে, ব্যবহারকারীদের ভিডিও দেখার সময় বিবেচনায় টিকটকের চেয়ে এগিয়ে রয়েছে ইউটিউব। প্ল্যাটফর্ম দুটিতে ভিডিও দেখার সময়ের ব্যবধানও খুব বেশি নয়। ফলে আকারে বড় ভিডিও বিনিময়ের সুযোগ টিকটককে এগিয়ে নিতে সহায়তা করবে।
উল্লেখ্য, ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় টিকটক। জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে ভিডিও ধারণের সময় বাড়াচ্ছে তারা। গত বছর ভিডিও ধারণের সময় ৬০ সেকেন্ডের পরিবর্তে ৩ মিনিট করে টিকটক কর্তৃপক্ষ। ৩ মিনিটের ভিডিও ব্যাপকভাবে জনপ্রিয়তা পাওয়ার পর গত বছরের আগস্ট মাস থেকেই ভিডিও ধারণের সময় বাড়ানোর জন্য কাজ করে আসছিল চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি।
সূত্র: এএফপি