দ্রুত ও নিরাপদ লগইনে ইমোর ফ্ল্যাশ কল চালু
ব্যবহারকারীদের অ্যাকাউন্ট লগইন দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক করতে মেসেজিং অ্যাপ ইমো ফ্ল্যাশ কল নামে একটি ফিচার চালু করেছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, স্বয়ংক্রিয় ভেরিফিকেশন ফিচার ফ্ল্যাশ কলের মাধ্যমে ব্যবহারকারীরা ফোন কল যাচাইয়ের মাধ্যমে ইমোতে লগ ইন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, নতুন ফিচার ভার্চ্যুয়াল অনধিকার প্রবেশ ও ডেটা লঙ্ঘন রোধে সুরক্ষা নিশ্চিত করবে। টেক্সটভিত্তিক ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ভেরিফিকেশন কোড ম্যানুয়াল অন্তর্ভুক্তির ঝামেলা দূর হবে। ফিচারটি পেতে হলে যে সিম কার্ডের নম্বর থেকে ইমো অ্যাকাউন্ট খোলা হবে, তা ওই একই ডিভাইসে সক্রিয় থাকতে হবে।
ফ্ল্যাশ কল যাচাইকরণের শর্ত পূরণ হলে সেখানে একটি পপ-আপ উইন্ডো আসবে যেখানে ফ্ল্যাশ কল যাচাইয়ের জন্য নিরাপদ ও সফল লগইন করতে ব্যবহারকারীর অনুমতি চাওয়া হবে।
এর ভিত্তিতেই ফ্ল্যাশ কল আসার পর অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবে। ব্যবহারকারী যদি অনুমতি না দিয়ে তা প্রত্যাখ্যান করে দেন, তখন ইমো অ্যাপ ভেরিফিকেশনের জন্য এসএমএস যাচাইকরণ মোডে প্রবেশ করবে।