ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলে প্রভোস্ট অ্যাওয়ার্ড, আবেদন ৩ জুনের মধ্যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থীদের ২০২৫ সালের প্রভোস্ট অ্যাওয়ার্ডের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন ফরম হল অফিস থেকে পাওয়া যাবে। জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩ জুন।
অমর একুশে হলের আবাসিক বা অনাবাসিক শিক্ষার্থী প্রভোস্ট অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। ২০২২ ও ২০২৩ সালের অনার্স বা মাস্টার্স পাস করা শিক্ষার্থীদের প্রভোস্ট অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হবে। তিনটি ক্যাটাগরিতে আবেদন করা যাবে।
ক্যাটাগরি ১: মেধার বিশেষ কৃতিত্ব
অমর একুশে হলের ছাত্রদের মধ্যে একজন ছাত্রকে তাঁর বিভাগের অনার্স ও মাস্টার্স পরীক্ষায় সর্বোচ্চ কৃতিত্ব অর্জন (ন্যূনতম সিজিপিএ–৩.৫ বা এর বেশি) করতে হবে। একাধিক আবেদনকারী একই যোগ্যতাসম্পন্ন হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং অন্য সহশিক্ষামূলক কাজ বিবেচনা করা হবে।
মাস্টার্স ক্যাটাগরিতে প্রতি বিভাগ বা ইনস্টিটিউট থেকে প্রতি শিক্ষাবর্ষের জন্য সম্মিলিতভাবে বিভিন্ন (থিসিস বা নন–থিসিস বা অন্যান্য) গ্রুপ থেকে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া একজন মেধাবী ছাত্রকে প্রভোস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে।
ক্যাটাগরি ২: ক্রীড়া, সাংস্কৃতিক, সহশিক্ষা কার্যক্রম
এ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়ার যোগ্যতা হলো সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে ন্যূনতম কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান হতে হবে।
ক্যাটাগরি ৩: সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড
রক্তদান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য আবেদন করা যাবে।
যেসব কারণে আবেদন বিবেচনা করা হবে না
আবেদনকারীর বিরুদ্ধে হলে বা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বা একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে বা উক্ত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন থাকলে। আবেদনকারীর কাছে হল কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো বকেয়া থাকলে আবেদন বিবেচনা করা হবে না।
আবেদনকারীর কাছে যদি হলের আবাসিক ছাত্রের ‘বৈধ আবাসিকতা’ কার্ড না থাকে। ভুল, অসত্য বা প্রতারণামূলক তথ্যের ভিত্তিতে কেউ প্রভোস্ট অ্যাওয়ার্ড পেয়ে থাকলে অ্যাওয়ার্ড কমিটি পরে তা প্রত্যাহার করতে পারবেন। মনোনয়নে প্রভোস্ট অ্যাওয়ার্ড কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।
বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে।