প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | গণিত (৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর সমাধান করো

১. প্রশ্ন: একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসঙ্গে থাকবে?

সমাধানঃ

যত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসঙ্গে থাকবে তা হলো ২৫ ও ২০-এর লসাগু।

এখন,

২৫ ও ২০-কে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি।

৫) ২৫, ২০

৫, ৪

∴ ২৫ ও ২০-এর লসাগু. = ৫ × ৫ × ৪ = ১০০

অতএব, ১০০ মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসঙ্গে থাকবে।

উত্তর: ১০০ মিটার।

∎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ

২. প্রশ্ন: সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কী বলে?

উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে।

৩. প্রশ্ন: গুণনীয়ক কাকে বলে?

উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।

৪. প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?

উত্তর: উৎপাদক।

৫. প্রশ্ন: গসাগুর পূর্ণরূপ কী?

উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।

৬. প্রশ্ন: লসাগু–এর পূর্ণ রূপ কী?

উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

৭. প্রশ্ন: সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে কী বলে?

উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু।

৮. প্রশ্ন: গুণিতক কাকে বলে?

উত্তর: কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, তাকে ওই সংখ্যার গুণিতক বলে।

৯. প্রশ্ন: মৌলিক সংখ্যা কাকে বলে?

উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং শুধু ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।

১০. প্রশ্ন: যেসব সংখ্যা দ্বারা ৮-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো ৮-এর কী?

উত্তর: গুণনীয়ক।

১১. প্রশ্ন: ৬০টি পেনসিল এবং ৩৬টি খাতা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে?

উত্তর: ১২ জন

১২. প্রশ্ন: ১ কি মৌলিক সংখ্যা?

উত্তর: না, ১ মৌলিক সংখ্যা নয়।

১৩. প্রশ্ন: ১ কেন মৌলিক সংখ্যা নয়?

উত্তর: কারণ, এর একটিমাত্র গুণনীয়ক আছে।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা