দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : সৃজনশীল প্রশ্ন (২ )

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

রফিক সাহেব সরকারি কর্মকর্তা। তিনি আগামী বছর অবসরে যাবেন। অবসরে গিয়ে তিনি ঝুঁকিমুক্ত প্রকল্পে বিনিয়োগের কথাও ভাবছেন। যেখান থেকে মুনাফা পূর্বনির্ধারিত ও নিশ্চিত।

প্রশ্নঃ

ক. মূলধন বাজার কী?

খ. আদর্শ বিচ্যুতির সিদ্ধান্ত গ্রহণ নীতি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের রফিক সাহেব অবসর গ্রহণের পর কোন ধরনের ঝুঁকিমুক্ত প্রকল্প গ্রহণ করতে পারেন? ব্যাখ্যা করো।

ঘ. অবসর গ্রহণের পর রফিক সাহেব দেশের বোঝা হবেন না, অর্থনৈতিক সম্পদ হবেন, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. যে বাজারে দীর্ঘমেয়াদি (১ বছর বা তার বেশি সময়) আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বলে।

খ. সাধারণত আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। সমান আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক লাভ বেশি গ্রহণযোগ্য। এটাই আদর্শ বিচ্যুতির সিদ্ধান্তগ্রহণ নীতি।

গ. প্রকৃত আয় প্রত্যাশিত আয়ের সমান হলে তাকে ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য করা হয়। কোনো ব্যাংকে মেয়াদি আমানত রাখা হলে এর প্রত্যাশিত আয় ও বাস্তব আয়ের মধ্যে তেমন পার্থক্য হয় না। এটা ঝুঁকিমুক্ত আয়ের একটি ধরন। জনাব রফিক সাহেব অবসর গ্রহণের পর তাঁর অর্থ ব্যাংকে মেয়াদি আমানতে রাখতে পারেন, যা ঝুঁকিমুক্ত আয়ের একটি ধরন হিসেবে বিবেচিত হয়। আবার সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য হয়। সরকার কর্তৃক ইস্যু হয় বলে এসব বিনিয়োগকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়।

ঘ. অবসরপ্রাপ্ত ব্যক্তিরা দেশের বোঝা নয়, অর্থনৈতিক সম্পদ। জনাব রফিক সাহেব সরকারি কর্মকর্তা। তিনি অবসরে যাওয়ার পর পেনশন হিসেবে বড় অঙ্কের টাকা পাবেন। তিনি তাঁর পেনশনের টাকা ঝুঁকিমুক্ত প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। তিনি এটাও আশা করছেন, তাঁর মুনাফা পূর্বনির্ধারিত থাকবে, যার কোনো অনিশ্চয়তা থাকবে না। তাঁর পেনশনের টাকা বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জন করতে চান। তাই বলা যায়, রফিক সাহেব দেশের বোঝা নন, অর্থনৈতিক সম্পদ।

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা