যেভাবে এগোবে অলিম্পিয়াডের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু করব কোথা থেকে? কোন বই পড়ব, কোন ইউটিউব চ্যানেল দেখব, আঞ্চলিক পর্ব পেরিয়ে জাতীয় পর্ব আর ক্যাম্পের জন্য নিজেকে তৈরি করব কীভাবে? এমন প্রশ্ন অনেকের মনেই ঘোরে। এবার সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন এমন একজন, যিনি নিজেই এই পথ পাড়ি দিয়েছেন।

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও ২০২৬) বাংলাদেশ দলের একমাত্র রৌপ্যপদকটি জিতেছেন চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী। ৪২ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ২৩। ওই আসরেই প্রথমবারের মতো বাংলাদেশ দলের ছয় প্রতিযোগীর সবাই পদক পান, আর দলীয় ১২১ নম্বর আইএমওতে দেশের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে।

এই লেখায় রায়হান নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, অলিম্পিয়াডের চার মূল বিষয় সংখ্যাতত্ত্ব, বীজগণিত, কম্বিনেটরিক্স ও জ্যামিতির প্রস্তুতি কীভাবে নেওয়া যায়। চলো, তাঁর কথাই শুনি।

  সংখ্যাতত্ত্ব  

সংখ্যাতত্ত্বের প্রস্তুতি আমি শুরু করেছিলাম ভেদান্তু অলিম্পিয়াড স্কুলের (VOS) ক্লাস করে। প্রথমেই শিখেছিলাম মডুলার পাটিগণিত (modular arithmetic)। এটা বিশাল একটা বিষয়। তুমি যত ওপরের স্তরে উঠবে, এটা তত মজার হবে, আর তত উন্নতরূপে তোমার সামনে আসবে।

শুরুতে মডের অধীনে মৌলিক অপারেশনগুলো শিখবে, তারপর ঘাত নির্ণয় (exponentiation)। একদম শুরুর দিকে আমি এগুলো শিখেছিলাম: অয়লারের টোশিয়েন্ট ফাংশন (Euler's totient function), উইলসনের উপপাদ্য (Wilson's theorem), ফার্মার ক্ষুদ্র উপপাদ্য (Fermat's little theorem), বিভাজ্যতা, গসাগু, লসাগু এবং রৈখিক ডায়োফ্যান্টাইন সমীকরণ (linear Diophantine equation)।

আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের সংখ্যাতত্ত্বের জন্য আমার মনে হয়, এই তত্ত্বগুলো জানার পাশাপাশি আগের বছরের প্রশ্ন থেকে কিছুটা অনুশীলন করলেই চলে।

মডুলার ইনভার্স (modular inverse), অর্ডার (order), প্রিমিটিভ রুট (primitive root) ও কোয়াড্রেটিক রেসিডিউ (quadratic residue) আমি জেনেছি প্রথম জাতীয় ক্যাম্পের পর। আরও এগোলে শিখবে লিফটিং দ্য এক্সপোনেন্ট লেমা বা LTE (Lifting the Exponent Lemma)। এটা বেশ গভীর একটা বিষয়, আর সাম্প্রতিক অলিম্পিয়াডগুলোতে প্রায়ই দেখা যায়। প্রমাণের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট ধারণা ঘুরেফিরে আসে, যেমন মড, বাউন্ডিং (bounding) আর ঘাত বিশ্লেষণ বা vp (exponent analysis)।

এসব বিষয় একটি বইয়েই পাবে: Modern Olympiad Number Theory (MONT)। আমার মনে হয়, এই বইটাই যথেষ্ট। এ ছাড়া নির্দিষ্ট বিষয়ের ওপর আলাদা নোট AoPS-এ ও গুগলে খুঁজলেই পাওয়া যায়।

  বীজগণিত  

বীজগণিতের ক্ষেত্রে আগে পাঠ্যবইয়ের বীজগণিত শেষ করো। তুমি জুনিয়র বা সেকেন্ডারি ক্যাটাগরিতে থাকলে এটা বিশেষভাবে কাজে দেবে।

অলিম্পিয়াড বীজগণিতের প্রধান বিষয়গুলো হলো ফাংশনাল সমীকরণ (functional equation), পুনরাবৃত্ত সম্পর্ক (recurrence), ধারা (sequence) ও অসমতা (inequality)। অলিম্পিয়াড বীজগণিতের জন্য ক্যালকুলাস শেখার দরকার নেই। তবে কৌতূহল হলে শিখতে দোষ কী?

আঞ্চলিক পর্বের বীজগণিতের জন্য আগের বছরের প্রশ্ন দিয়ে প্রস্তুতি নাও। সঙ্গে AMC, AIME-এর মতো প্রতিযোগিতা বা অন্য দেশের জাতীয় অলিম্পিয়াডের প্রশ্নও করতে পারো।

জাতীয় পর্বে বিজয়ী হওয়ার পর ইউটিউবে Little Fermat চ্যানেলের ভিডিও দেখতে পারো। সেখানে ফাংশনাল সমীকরণ ও অসমতার আলাদা প্লেলিস্ট আছে। আমি নিজে পুরো প্লেলিস্ট দেখেছি। ফাংশনাল সমীকরণ আর অসমতায় আমি যখন নতুন ছিলাম, তখন এটা অনেক সাহায্য করেছে। Online Math Club নামের ইউটিউব চ্যানেলেও ক্লাস আছে। বীজগণিতের তত্ত্বগুলো আমি মূলত এই দুই চ্যানেল থেকেই শিখেছি।

বইয়ের মধ্যে আমি পড়েছি 169 Functional Equations আর Secrets in Inequalities। বহুপদী (polynomial) অংশের জন্য নোট পড়েছি, যদিও আমার মনে হয় অলিম্পিয়াড বীজগণিতে আজকাল বীজগাণিতিক বহুপদী ততটা জনপ্রিয় নয়। তবে পূর্ণসাংখ্যিক বহুপদী (integer polynomial) জনপ্রিয় হচ্ছে। এটা উচ্চতর সংখ্যাতত্ত্বের একটি বিষয়, আর MONT থেকেও শেখা যায়।

কম্বিনেটরিক্স  

সত্যি বলতে, কম্বিনেটরিক্সে আমি অতটা ভালো নই, আর সম্ভবত কখনো ছিলামও না। তবে এই দক্ষতা বাড়াতে নানাভাবে চেষ্টা করেছি।

আঞ্চলিক পর্বের কম্বিনেটরিক্সের বেশির ভাগ সমস্যাই গণনা (counting) বা সম্ভাবনা (probability) নিয়ে, যদিও সম্ভাবনার সমস্যাগুলোও মূলে গণনাই। এই পর্বের জন্য আমার মতে সবচেয়ে জরুরি হলো বিন্যাস (permutation) ও সমাবেশ (combination) জানা। এই স্তরে আমি কোনো বই পড়ার পরামর্শ দেব না, কারণ আঞ্চলিক পর্বের কম্বিনেটরিক্স পুরোটাই অনুশীলনের ব্যাপার। অনুশীলনের জন্য AMC, AIME-এর মতো প্রতিযোগিতা ভালো হতে পারে।

প্রমাণভিত্তিক (proof-based) কম্বিনেটরিক্স শুরু করতে পারো The Art and Craft of Problem Solving এবং Problem-Solving Strategies বই দুটি পড়ে। কম্বিনেটরিক্সে হাতেখড়ি ও Olympiad Combinatorics-এর মতো বইগুলো একটু উচ্চতর স্তরের ধরা হয়।

কম্বিনেটরিক্স নিয়ে আমার সবচেয়ে বড় পরামর্শ হলো, ইনভেরিয়েন্স (invariance), পিজনহোল নীতি (pigeonhole principle) বা গ্রাফ তত্ত্বের (graph theory) মতো প্রতিটি বিষয়ে একবারে একটি করে আলাদাভাবে মনোযোগ দাও, আর সেটি ভালোভাবে আয়ত্ত করো। এ জন্য OTIS ভালো একটি প্ল্যাটফর্ম হতে পারে, কারণ সেখানে প্রতিটি উপবিষয়ের জন্য আলাদা সমস্যা-সেট দেওয়া থাকে। কম্বিনেটরিক্সের দক্ষতা শক্ত করতে কম্পিটিটিভ প্রোগ্রামিংও শুরু করতে পারো।

  জ্যামিতি  

আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড গণিতের জন্য একটিমাত্র উৎসের কথা বলতে হলে আমি বলব ভেদান্তু অলিম্পিয়াড স্কুল নামের ইউটিউব চ্যানেলের কথা। আমার জন্য যখন আঞ্চলিক পর্ব পার হওয়াই কঠিন ছিল, তখন এই চ্যানেল আমাকে এতটাই সাহায্য করেছে যে অলিম্পিয়াড গণিতে আমার প্রথম বড় উন্নতি আর আঞ্চলিক পর্ব জয়ের পুরো কৃতিত্ব আমি এই চ্যানেলকেই দিই।

জ্যামিতির জন্য প্রথমে নবম-দশম শ্রেণির বইয়ের উপপাদ্য আর সম্পাদ্যগুলো দেখে নিতে হবে। অলিম্পিয়াড জ্যামিতির জন্য জ্যামিতিক অঙ্কনের ভালো ধারণা থাকা চাই, তাই সম্পাদ্যে বিশেষ মনোযোগ দাও।

আঞ্চলিক পর্বের জ্যামিতির জন্য ক্ষেত্রফল এবং সাধারণ ত্রিকোণমিতির কোসাইন সূত্র জানা দরকার। এর জন্য বিডিএমওর আঞ্চলিক পর্বের প্রশ্ন, AIME, AMC ইত্যাদি অনুশীলন করো।

আঞ্চলিক পর্বের পর অনেকে Euclidean Geometry in Mathematical Olympiads (EGMO) পড়ার পরামর্শ দেন। আমি বলব, আগে Classical Geometry বইটি পড়ো। এটি জ্যামিতির তত্ত্বে মজবুত ভিত গড়ে দেবে, আর জ্যামিতিক অঙ্কনের একটা অনুভূতি তৈরি করবে। বইটি সমস্যা সমাধানের বা অলিম্পিয়াডকেন্দ্রিক বই নয়। কিন্তু তুমি অনেক জ্যামিতি করে ফেললেও ভিত গড়ার জন্য এটি দারুণ। এরপর EGMO পড়ো।

জাতীয় পর্বের জ্যামিতির জন্য অবশ্যই বিডিএমওর জাতীয় পর্বের জ্যামিতি সমস্যাগুলো সমাধান করো। এই স্তরে JBMO, USAJMO-এর মতো জুনিয়র অলিম্পিয়াডের সমস্যাও কাজে দেবে।

জাতীয় ক্যাম্প ও টিএসটি পর্যায়ের জ্যামিতির জন্য শ্যারিগিন (Sharygin) এবং অল-রাশিয়ান অলিম্পিয়াডের মতো রাশিয়ান জ্যামিতি সমস্যা চেষ্টা করে দেখো। আমার মনে হয়, এগুলো জাতীয় পর্যায়ের সমস্যার চেয়েও কঠিন হতে পারে। আর এই সমস্যাগুলো যে সমাধান করতে মজার ও দেখতে সুন্দর, তা অস্বীকার করার উপায় নেই।

জাতীয় ক্যাম্প বা টিএসটি ক্যাম্পে সুযোগ পেলে এবং আরও ভালো করতে চাইলে আইএমও শর্টলিস্ট নিয়ে লেগে পড়ো। গত ১০ থেকে ১৫ বছরের সব G1 করো, তারপর G2, এভাবে এগোতে থাকো।

শেষে একটা মজার পরামর্শ দিই: আমার মতে, চারটি বিষয়ের মধ্যে জ্যামিতিই সবচেয়ে সহজ।

  সবশেষে কিছু পরামর্শ  

আঞ্চলিক পর্ব: অনুশীলনের জন্য বিডিএমওর আগের বছরের প্রশ্নই সম্ভবত সবচেয়ে ভালো উৎস। AMC, AIME ইত্যাদিও কাজে দেয়। তত্ত্ব শিখতে আর কিছু অনুশীলন করতে ভেদান্তু অলিম্পিয়াড স্কুল তো আছেই। এ ছাড়া Michael Penn, Numberphile, Mathologer, Dedekind Cuts, Mind Your Decisions, Chefs of Problem Solving-এর মতো গণিতের চ্যানেল আছে, যেখানে সুন্দর সমস্যা সমাধান বা গণিতবিষয়ক ভিডিও পাবে।

জাতীয় পর্ব: এই স্তরে প্রমাণভিত্তিক গণিতে হাত পাকাতে হবে। বিডিএমওর জাতীয় পর্বের আগের বছরের প্রশ্নগুলো চেষ্টা করে দেখো।

ক্যাম্প পর্যায়: Classical Geometry, EGMO, MONT, Problem-Solving Strategies ও The Art and Craft of Problem Solving বইগুলো পড়ো।

আরেকটা কথা মনে রেখো, প্রত্যেকের শেখার ধরন আলাদা। তাই অন্যরা কী করেছে, তা নিয়ে বেশি না ভেবে নিজের দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করো। তারপর ভাবো, পরিকল্পনা করো, আর সে অনুযায়ী অনুশীলন করো। নিজের পথ নিজেই তৈরি করো।