অষ্টম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

পত্রিকার শিরোনামে জেরিন একটি দেশের দাঙ্গার খবর পড়ছে। পত্রিকার প্রথম পৃষ্ঠাজুড়ে ছিল ভাঙচুর, লুটপাট আর বিশৃঙ্খলার বীভত্স চিত্র। এসব দেখে জেরিনের মনে হলো, এরাই আবার আমাদের সভ্যতা শিখিয়েছে! এরা তো জোর করে আমাদের শাসন করেছিল। এরা আমাদের ভারতবর্ষ থেকে পুঁজি পাচার করেছিল আর শোষণ-নিপীড়নে মেতে উঠেছিল। তারা অভিভাবক সেজে আমাদের সভ্যতা শেখাতে চেয়েছিল। জেরিনের বারবার মনে হয়, তারা সম্পদের যে প্রাচুর্য গড়ে তুলেছে, তা আমাদের দেশ থেকে নেওয়া।

প্রশ্ন

ক. ‘দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া’ কোম্পানি কত সালে স্থাপিত হয়?

খ. মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ কী?

গ. উদ্দীপকে জেরিন কাদের শাসনের কথা বলতে চেয়েছে? তাদের শাসনব্যবস্থা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জেরিনের দৃষ্টিতে যে শাসনব্যবস্থার কথা ফুটে উঠেছে, ইতিহাসে তাদের পরিণতি কী হয়েছে, তা বিশ্লেষণ করো।

উত্তর

ক. ‘দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া’ কোম্পানি স্থাপিত হয় ১৬০০ সালে।

খ. মুসলমানরা শিক্ষা, চাকরিসহ বিভিন্ন মৌলিক দাবিদাওয়া আদায়ে দীর্ঘদিন পিছিয়ে ছিল। ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়। এরই ধারাবাহিকতায় মুসলমানদের রাজনৈতিক দাবিদাওয়া ও অধিকার ইংরেজ শাসকদের কাছে তুলে ধরার জন্য ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

গ. উদ্দীপকে জেরিন ব্রিটিশ বেনিয়াদের শাসনের কথা বলতে চেয়েছে। তার বক্তব্যে ভারত উপমহাদেশে ব্রিটিশদের শাসন-শোষণ, জুলুম-নির্যাতন আর সম্পদ লুণ্ঠনের ইতিহাস ব্যক্ত হয়েছে। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মর্মান্তিক মৃত্যু এবং ইংরেজদের বিজয়ের মধ্য দিয়ে এ দেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। তারা ২০০ বছর ধরে এ দেশের মানুষকে অধীন করে রেখেছিল। তারা নিজেদের সভ্য জাতি হিসেবে ভাবত।

তাই তারা আমাদের সভ্যতা শিখিয়েছে। অথচ সভ্যতার আড়ালে এ দেশবাসীর ওপর তারা চরম অসভ্য আচরণ করেছে। এ দেশের কামার-কুমার, কৃষক, জেলে, তাঁতি আর খেটে খাওয়া মানুষের রক্ত পানি করা সম্পদ তারা মুনাফার নামে লুটে নিয়েছে। ইংরেজরা এ দেশে প্রজাদের ওপর অতিরিক্ত কর আদায়ের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করে। অথচ এ দেশ থেকে সম্পদ পাচার করে নিজ দেশে সম্পদের প্রাচুর্য তৈরি করেছিল। ইংরেজ শাসনের মূল উদ্দেশ্য ছিল এ দেশের সম্পদ পাচার।

ঘ. উদ্দীপকে জেরিনের দৃষ্টিতে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনব্যবস্থার কথা ফুটে উঠেছে। শেষ পর্যন্ত এ দেশে ব্রিটিশদের পরিণতি ভালো হয়নি। এ দেশের স্বাধীনচেতা মানুষ তাদের অত্যাচারের জবাব দিয়েছে। ফলে তারা এ দেশ থেকে পরাজিত হয়ে বিতাড়িত হয়েছিল।

২০০ বছরের ব্রিটিশ শাসন-শোষণ আর নির্যাতনের শিকার হয়ে এ দেশের মানুষ সচেতন হয়ে উঠেছিল। এ দেশের মানুষ দল-মতনির্বিশেষে বুঝতে পেরেছিল, ব্রিটিশরা আমাদের বন্ধু নয়। তাদের হাতে আমাদের জীবন ও দেশের সম্পদ নিরাপদ নয়। ফলে সিপাহি বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, নীল বিদ্রোহসহ তাদের বিরুদ্ধে অসংখ্য বিদ্রোহ সংঘটিত হয়। চালানো হয় তাদের বিরুদ্ধে গুপ্তহত্যা ও সশস্ত্র যুদ্ধ। রাজনৈতিক দল গঠন ও আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ রাজনীতিসচেতন হয়ে ওঠে।

আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ বুঝিয়ে দেয়, তারা স্বাধীনতা চায়। ফলে বাধ্য হয়ে ১৯৪৭ সালে ব্রিটিশ সরকার এ দেশ ছাড়ে।

২০০ বছরের ইংরেজ শাসনের শৃঙ্খল থেকে এ দেশের মানুষ স্বাধীনতা লাভ করে।

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা