ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - বিশেষ পরামর্শ
আগে প্রশ্ন বুঝবে, পরে উত্তর লিখবে | এইচএসসি পরীক্ষা ২০২১
প্রিয় পরীক্ষার্থী, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ওপর বহুনির্বাচনি ১৫ নম্বর এবং সৃজনশীলের ওপর ৩০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের যেকোনো ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, সময় ১৫ মিনিট।
আর ১১টি সৃজনশীল প্রশ্ন থেকে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য তোমরা সময় পাবে ১ ঘণ্টা ১৫ মিনিট।
বহুনির্বাচনি অংশে ৩০টি প্রশ্নের মধ্যে যেহেতু ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাই তোমরা প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। কেননা, ৩০টি প্রশ্নের মধ্যে ১২টি জ্ঞানমূলক, ৯টি অনুধাবনমূলক, ৬টি প্রয়োগমূলক এবং ৩টি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। বহুনির্বাচনি অংশে ভালো নম্বর পাওয়ার জন্য সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক মৌলিক বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করতে হবে।
সৃজনশীল অংশে ভালো করার জন্য অবশ্যই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে শেষ করে আসতে হবে। এ ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই ২২–২৩ মিনিট সময়ের মধ্যে শেষ করতে হবে। আদর্শ সময় বণ্টনসমূহ নিম্নরূপে করা যেতে পারে ক+খ+গ+ঘ = ২ বা ৩ মিনিট + ৪ মিনিট + ৭ মিনিট + ৯ মিনিট।
সৃজনশীল প্রশ্নের ক ও খ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যা চাওয়া হয়েছে, তা–ই লেখা উচিত। খ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সর্বোচ্চ ৬টি বাক্যের মধ্যে লিখতে পারলে ভালো। তারপর গ ও ঘ অংশে যে প্রশ্ন চাওয়া হয়েছে, তা উদ্দীপক অনুযায়ী লিখতে হবে। এ ক্ষেত্রে গ অংশে প্রথম অনুচ্ছেদে প্রশ্নের জ্ঞান অংশ চিহ্নিতকরণ,
তারপর দ্বিতীয় অনুচ্ছেদে এর ব্যাখ্যাকরণ এবং তৃতীয় অনুচ্ছেদে উদ্দীপককে হাইলাইট করে প্রয়োগমূলক অংশের কারণ উপস্থাপন করতে হবে। ঘ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একই উপায়ে জ্ঞানমূলক অংশ চিহ্নিতকরণ, তারপর এর ব্যাখ্যা, উদ্দীপক অনুযায়ী যুক্তি–তর্ক, বিচার–বিশ্লেষণ ও মতামত তুলে ধরতে হবে।
অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়: সামাজিক ব্যবসায়, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, ব্যবসায় পরিবেশ, একমালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, শেয়ারের প্রকারভেদ, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ের ওপর জোর দেবে।
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা