আশার প্রদীপ কখনো নিভিয়ো না

২০১৪ সালে শান্তিতে নোবেল ‍পুরস্কার পান কৈলাস সত্যার্থী। ১৯৮৩ সালে ভারতীয় এই প্রকৌশলী গড়ে তোলেন ‘বাচপান বাঁচাও আন্দোলন’। অলাভজনক এ সংস্থা শিশু পাচার ও শিশুশ্রম বন্ধে কাজ করে চলেছে। ভারতজুড়ে সংগঠনটির রয়েছে স্বেচ্ছাসেবীদের বিশাল নেটওয়ার্ক। ৯ জানুয়ারি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে বক্তা ছিলেন কৈলাস।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৈলাস সত্যার্থী
ছবি: কৈলাস সত্যার্থীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্রিয় বন্ধুরা, আজ তোমাদের দিন। কালো, নীল, সবুজ, বেগুনি—নানা রঙের গাউন পরে এসেছ তোমরা। দেখে মনে হচ্ছে ছায়াপথের ঝলমলে সব তারা এক হয়েছে। আমি তোমাদের ভীষণভাবে মিস করছি। তোমাদের সঙ্গে আমার সরাসরি যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারি আমাকে থামিয়ে দিয়েছে।

গত ৩৫ বছরে অনেকবার আমি বাংলাদেশে গিয়েছি। শিশুশ্রম, শিশু অধিকার, শিশুশিক্ষা ইত্যাদি নিয়ে কাজ করে, এমন অনেক সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করেছি। শিশু অধিকার ফোরামসহ অনেক প্রতিষ্ঠান শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে, যাদের সঙ্গে আমিও কাজ করেছি।

আজ আমার জীবনের এক বিশেষ দিন। আজ আমি বাংলাদেশের একঝাঁক স্বপ্নের সামনে বক্তৃতা করছি, সাহসের সামনে বক্তৃতা করছি, বাংলাদেশের সৌন্দর্যের সামনে বক্তৃতা করছি, বাংলাদেশের শক্তির সামনে বক্তৃতা করছি। আমি তোমাদের মা-বাবার প্রতি শ্রদ্ধা জানাই। তোমাদের এই পর্যায়ে আনতে কঠোর পরিশ্রম করেছেন তাঁরা। আজকের দিনটা শুধু তোমাদেরই সাফল্যের দিন নয়, বরং তাঁদের সাফল্যের দিন, তাঁদেরও অর্জনের দিন। আজকের দিনটা তোমাদের শিক্ষকদেরও। তাঁরা তোমাদের এই দিন উদ্‌যাপনের সুযোগ করে দিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার রাষ্ট্রের প্রতিও। রাষ্ট্র তোমাকে শিক্ষার সুযোগ দিয়েছে।

আজ আমি তোমাদের আমার জীবন থেকে শেখা চারটি শিক্ষার কথা বলব। প্রথমত, তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করো। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, আমরা বেশির ভাগ মানুষ স্বপ্ন দেখতেই জানি না। অথবা স্বপ্ন দেখার সুযোগই পাই না। জীবনের যেকোনো পরিস্থিতিতে স্বপ্ন দেখা শিখতে হবে, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জানতে হবে। স্বপ্ন তখনই তুমি বাস্তব করতে পারবে, যখন তুমি তোমার ভেতরের শক্তিটাকে আবিষ্কার করতে পারবে।

আমার কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবনে কিছু শিশুর সঙ্গে পরিচয় হয়েছিল, যারা ছিল শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। আমি তাদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলাম। পরে সেই স্বপ্নকেই আমি বাস্তবে রূপান্তর করেছি।

আজকের পর থেকে নতুন এক জীবনে প্রবেশ করতে যাচ্ছ তোমরা। তোমাদের সামনে এখন নতুন নতুন সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ আসবে। এসব মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আজকের এই সাফল্য, এই জয়, এই আনন্দ জীবনের বাকি দিনগুলোতেও ধরে রাখতে হবে।

দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আশার প্রদীপ কখনো নিভিয়ো না। আমি নিশ্চিত যে তোমার জীবনে নানা বাধা আসবে, প্রতিকূলতা আসবে, ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে। বারবার তুমি আশাহত হবে। একেবারে নুয়ে পড়বে, ভেঙে পড়বে কখনো কখনো। তবু বুকের কোণে আশার প্রদীপটি টিমটিম করে জ্বালিয়ে রেখো। আমি যখন শিশুশ্রম ও শিশু অধিকার নিয়ে কাজ ‍শুরু করি, তখন অনেক বাধার মুখে পড়েছি, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছি, তবু কখনো আশা ছাড়িনি।

তৃতীয় যে বিষয় বলতে চাই, সেটি হচ্ছে বৈচিত্র্যকে গ্রহণ করো। আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে সর্বত্র বৈচিত্র্য ছড়িয়ে আছে। বৈচিত্র্যের এই শক্তিকে নিজের মধ্যে ধারণ করো। ধর্মীয় বৈচিত্র্য, জাতিগত বৈচিত্র্য, লিঙ্গের বৈচিত্র্য, বর্ণবৈচিত্র্য—এসব আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। এই সৌন্দর্য থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তুমি শুধু আজকে তোমার চারপাশে তাকিয়ে দেখো। কত রঙের গাউন দেখতে পাচ্ছ। ভেবে দেখো, যদি সবার গাউন একই রঙের হতো, তাহলে কি দৃশ্যটা এত সুন্দর লাগত? একটি বাগানের সব ফুল যদি একই রঙের হয়, তাহলে কি বাগানটা সুন্দর লাগে?

এবার চতুর্থ বিষয়টি বলি। কখনো দেয়াল তুলো না। যত রকমের দেয়াল আছে, ভেঙে ফেলো। পৃথিবীটা উন্মুক্ত। এর কোনো সীমানা নেই। সীমানাপ্রাচীর থাকা উচিত নয়। সবাই সবার সঙ্গে যুক্ত হয়ে যাও। এই যে বিশ্বজুড়ে একটি মহামারি চলছে, এই মহামারি আমাদের কী শিক্ষা দিল? সবাইকে এক হয়ে লড়াই করার শিক্ষা দিল। পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকার শিক্ষা দিল। তুমি অসুস্থ হচ্ছ, আইসোলেশনে চলে যাও। তার মানে এই নয়, সম্পর্ক ছিন্ন করে ফেলো। বরং এই মহামারি আমাদের সম্পর্ক দৃঢ় করার শিক্ষা দিয়েছে। সময়টা বিশ্বায়নের। সুতরাং সারা বিশ্বের সঙ্গে নিজেকে যুক্ত করো। ভেঙে ফেলো সব সীমানাপ্রাচীর।

সবশেষে বলি, সারা পৃথিবীতে ১৬ কোটি শিশু এখনো শ্রমিকের কাজ করে। এখনো তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের শিশু, ভারতের শিশু, পাকিস্তানের শিশু, নেপালের শিশু, সুদানের শিশু, মিসরের শিশু, ইথিওপিয়ার শিশু—পৃথিবীর সব শিশুই মানবজাতির ভবিষ্যৎ। ১৬ কোটি ভবিষ্যৎ, ১৬ কোটি স্বপ্ন আজও অধিকারবঞ্চিত। প্রিয় বন্ধুরা, সম্ভব হলে তাদের জন্য কিছু কোরো।

তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল হোক।

ইংরেজি থেকে অনুদিত