এইচএসসি পরীক্ষার্থীদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রস্তুতি কেমন করে নিতে হবে, সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হলো।
আশা করি, তোমরা সব প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করে যাচ্ছ। তোমাদের সুশৃঙ্খল ও সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের মাতা–পিতা, অভিভাবক ও শিক্ষক–শিক্ষিকা সবাই সচেষ্ট।
কোভিড-১৯ চলাকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করে দিয়েছে।
সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ইতোমধ্যে কলেজগুলো পাঠদানও সম্পন্ন করেছে। সেই সঙ্গে তোমরাও নিশ্চয়ই সিলেবাসের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজেদের আয়ত্তে আনতে পেরেছ। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমার পরামর্শ হলো, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করবে না।
তোমাদের জন্য নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো (প্রথম পত্রের ১, ৩, ৭, ১০ অধ্যায় এবং দ্বিতীয় পত্রের ১, ২, ৩, ৪, ১০ অধ্যায়) খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে।
তোমরা অবশ্যই অধ্যায়–সংশ্লিষ্ট কিছু বিষয় যেমন সরকার, রাষ্ট্র, সমাজ গঠন, গণতন্ত্র ও সুশাসনের ওপর সঠিক ধারণা রাখবে।
প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের নাম, তাঁদের উক্তি, তাঁদের বিখ্যাত বইয়ের নামের বানানগুলো সঠিকভাবে লিখবে।
আর কিছুদিন পরেই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
অতএব সিলেবাসে অন্তর্ভুক্ত কোনো তথ্য বাদ না দিয়ে সব অধ্যায় পড়াই উত্তম। এতে করে এইচএসসিতে ভালো ফলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনও সহজ হবে।
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা