এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০২১: জীববিজ্ঞান ২য় পত্র
অধ্যায় ৪
আরিফের ছোট বোন দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং দুর্বল ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ছোট বোনকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার বললেন, তার রক্তে একধরনের কণিকার অভাব রয়েছে। এদিকে
একদিন আরিফের হাত সামান্য কেটে রক্ত বের হয়, তবে কিছুক্ষণের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
প্রশ্ন
ক. অ্যানজিওপ্লাস্টি কী?
খ. করোনারি সংবহন বলতে কী বোঝায়?
গ. আরিফের রক্ত পড়া বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. ডাক্তারের মন্তব্যের যথার্থতা যাচাই করো।
উত্তর
ক. করোনারি ধমনির দেয়ালে চর্বি জমে রক্তপ্রবাহে বাধা তৈরি হলে অথবা এর প্রবাহপথ সরু হয়ে গেলে এটিকে যান্ত্রিকভাবে প্রশস্ত করার কৌশলই হলো অ্যানজিওপ্লাস্টি।
খ. যে পদ্ধতিতে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সংবহিত হয়, তাকে করোনারি সংবহন বলে। হৃৎপিণ্ডের প্রাচীরে সরাসরি হৃদ্গহ্বর থেকে রক্ত সঞ্চালিত হয় না। সিস্টোলিক ধমনির গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনির মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে O2–সমৃদ্ধ রক্ত সংবহিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীর হতে CO2–সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে।
গ. দেহের কোন অংশ কেটে গেলে তা থেকে রক্তপাত শুরু হয়। অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিকভাবে কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ হয়ে যায়। আরিফের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আরিফের কেটে যাওয়া অংশ হতে বের হওয়া রক্তের অণুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে ভেঙে থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয়।
রক্তরসে অবস্থিত ক্যালসিয়াম আয়রনের উপস্থিতিতে প্রোথম্বিনের সঙ্গে ক্রিয়া করে সক্রিয় থ্রম্বিন উৎপন্ন করে। থ্রম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিনোজেন নামক প্লাজমা প্রোটিনের সঙ্গে মিলে ফাইব্রিন নামক সূত্রের সৃষ্টি করে। সূত্রগুলো পরস্পর মিলিত হয়ে জালকের আকার ধারণ করে। ফাইব্রিনের জালে লোহিত কণিকাগুলো আটকে যায়। ফলে রক্তপ্রবাহ বন্ধ হয় এবং রক্ত জমাট বেঁধে যায়।
ঘ. আরিফের ছোট বোনের রক্তে লোহিত কণিকার অভাব রয়েছে। মানবদেহে প্রতি ঘন মিলি রক্তে এ কণিকার স্বাভাবিক সংখ্যা হলো শিশুদেহে ৬০–৭০ লাখ, পূর্ণবয়স্ক পুরুষ দেহে ৫০ লাখ, স্ত্রীদেহে ৪৫ লাখ। যদি এর পরিমাণ ২৫%–এর কম হয়, তবে তাকে রক্তস্বল্পতা বলে। ফলে রক্তে লোহিত কণিকার অভাবে দেহ ফ্যাকাসে হয় ও শক্তি কমে যেতে থাকে।
লোহিত কণিকার অন্যতম উপাদান হিমোগ্লোবিন, যা অক্সিহিমোগ্লোবিনরূপে O2 দেহের প্রতিটি কোষে বহন করে নিয়ে যায়। এর ফলে কোষীয় শ্বসন সম্পন্ন হয় এবং দেহ প্রয়োজনীয় শক্তি পায়। অন্যথায় রক্তে অক্সিজেন সংবহন ব্যাহত হয় এবং কোষীয় পর্যায়ে অক্সিজেনপ্রাপ্তি কমে যায়। ফলে দেহে পুষ্টি উৎপাদন বাধাগ্রস্ত হয়। এতে করে শরীর দুর্বল হয়ে শুকিয়ে যেতে থাকে। সুতরাং আরিফের ছোট বোনের রক্তে লোহিত কণিকার অভাব থাকার কারণে ডাক্তার যথার্থ মন্তব্যই করেছেন।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা