এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ১ : সৃজনশীল প্রশ্ন
অধ্যায় ১
সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন
ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
খ. ‘ব্যবস্থাপনা সর্বজনীন’—ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থানে কী নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকের উপকরণের মাধ্যমেই প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করা সম্ভব’—মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর
ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন ফ্রেডেরিক উইন্সলো টেলর।
খ. ‘ব্যবস্থাপনা সর্বজনীন’ বলতে সব ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে বোঝানো হয়ে থাকে। পরিবার, রাষ্ট্র, এমনকি বিশ্বের সব দেশের সব প্রতিষ্ঠানে, সব সাংগঠনিক স্তর, সংগঠনের সব কাজের ক্ষেত্রে, ক্ষুদ্রায়তন-বৃহদায়তন সব প্রতিষ্ঠানে উদ্দেশ্য অর্জনের প্রধান হাতিয়ার হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে মূলত বিশ্বজুড়ে সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার প্রয়োগযোগ্যতা ও কার্যকারিতাকে বোঝানো হয়। তাই বলা যায়, ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়।
গ. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থানটি বাজার নির্দেশ করছে। বাজার হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট এলাকায় কোনো পণ্যের বিদ্যমান ও সম্ভাব্য চাহিদার সমষ্টি। কোনো পণ্যের জন্য বাজারে চাহিদা থাকলে ওই পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় ও ব্যবসায় সফলতা লাভ করে।
বর্তমানে বাজার গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গণ্য। ব্যবসায় গঠনে একজন দক্ষ উদ্যোক্তা সহজেই মূলধন এবং উন্নত যন্ত্রপাতি সংগ্রহ করতে পারেন। কিন্তু প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে বাজার সৃষ্টি কষ্টসাধ্য। বাজার সৃষ্টি করা না গেলে কোনো ব্যবসাই সফলতা লাভ করতে পারে না। এ ক্ষেত্রে বাজারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গণ্য করা হয়।
ঘ. ‘উদ্দীপকের উপকরণের মাধ্যমেই প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করা সম্ভব’—মন্তব্যটি সঠিক। ব্যবস্থাপনার কার্য সম্পাদনে প্রয়োজন হয় এমন সম্পদকেই ব্যবস্থাপনার উপকরণ বলা হয়। ব্যবস্থাপনার উপকরণগুলো হলো—মানুষ, মালামাল, যন্ত্রপাতি, পদ্ধতি, বাজার ও মূলধন। এগুলো কেবল কোথাও যথেষ্ট পরিমাণে থাকলেই চলে না, এগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হয়।
ব্যবস্থাপনার উপকরণের মধ্যে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মালামাল বলতে প্রতিষ্ঠানের কাজে ব্যবহার্য কাঁচামালকে বোঝায়। মালামাল মানসম্মত না হলে প্রচেষ্টা ফলপ্রসূ হয় না। এরপর রয়েছে যন্ত্রপাতি। ব্যবস্থাপনার মৌল উপকরণগুলোর মধ্যে যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ। মূলধন বলতে অর্থ কে বোঝায়। অর্থনীতির ভাষায় বিনিয়োগের মাধ্যমকে অর্থ বলে। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অর্থ প্রয়োজন। এরপরে ব্যবস্থাপনা উপকরণের মধ্যে আসে বাজার। বাজার হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে কোনো পণ্যের বিদ্যমানতা ও সম্ভাব্য চাহিদার সমষ্টি। সর্বশেষ ব্যবস্থাপনার উপকরণের মধ্যে আসে পদ্ধতি। কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলা হয়। কার্যকর পদ্ধতি ব্যবহারের ফলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় ও দ্রুত কার্য সম্পাদন হয়।
একটি প্রতিষ্ঠানে দ্রুত কাজ সম্পাদন, সময় সাশ্রয় ও লক্ষ্য অর্জন করার জন্য ব্যবস্থাপনার প্রয়োজন। আর ব্যবস্থাপনা হলো উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর কৌশল। তাই লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনার উপকরণগুলোর কার্যকর সমন্বয় ও ব্যবহার দরকার। যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করা সম্ভব।
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা