প্রস্তুতি হোক পরিকল্পিত ও গোছানো
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি হতে হবে পরিকল্পিত ও গোছানো। সংক্ষিপ্ত অধ্যায়গুলো নতুন করে ঝালাই দেওয়াই হলো শেষ মুহূর্তের প্রস্তুতি। পড়া শুরু করতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। পড়াগুলো নিজের মতো করে সাজাতে হবে। পরীক্ষার শেষ মুহূর্তে এসে যে কাজগুলো করতে হবে—
১. প্রথমে রিভিশন রুটিন তৈরি করে অধ্যায়গুলো আগাগোড়া পড়বে।
২. বোর্ড থেকে দেওয়া অ্যাসাইনমেন্টগুলোকে গুরুত্বসহকারে পড়তে হবে।
৩. সময় ভাগ করে নিয়ে নির্ধারিত সময়ে সব প্রশ্নের উত্তর লিখতে হবে।
৪. প্রশ্নের ধরন এবং মান বুঝে উত্তরের সময় বরাদ্দ করতে হবে।
৫. কোনো একটি প্রশ্নের উত্তর খুব বেশি সময় ধরে লেখা যাবে না।
৬. সাধারণত শুরুর দিকের উত্তরে পরীক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি সময় ব্যয় করে, যা মোটেই কাঙ্ক্ষিত নয়।
৭. ভালো নম্বর তুলতে হলে সব বিষয়ে সমান নজর দিতে হবে।
এই সময় অপ্রয়োজনে টিভি, মোবাইল, ভিডিও গেম, ফেসবুক ও ইউটিউব থেকে দূরে থাকতে হবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে।
কামরুন নাহার, অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা