পরীক্ষার খাতায় কাটাকাটি করবে না
প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা। আশা করি, তোমরা খুব ভালোভাবে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ।
এবারই প্রথম সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। উত্তরও দিতে হবে কমসংখ্যক প্রশ্নের। এ ক্ষেত্রে প্রশ্ন বাছাই করবে খুব সতর্কতার সঙ্গে। একটি সৃজনশীল প্রশ্নের সব অংশ ভালোভাবে উত্তর দিতে পারো কি না, তা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে।
তোমরা যে যে বিষয়ের পরীক্ষায় অংশ নেবে, সেসব বিষয়ের নির্ধারিত অধ্যায়গুলোর বিষয়বস্তু সম্পর্কে ধারণা রাখবে। পরীক্ষার খাতায় কোনো রূপ উপরিলিখন বা ওভাররাইটিং করবে না। কোনো লেখা ভুল হলে এক টানে কেটে দেবে। বারবার কেটে সৌন্দর্যহানি ঘটাবে না।
উত্তরপত্রের কভার পৃষ্ঠার বৃত্ত ভরাটের ক্ষেত্রে সাবধান থাকবে। বৃত্ত ভরাটে তাড়াহুড়োর প্রয়োজন নেই। যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাবে। কখনো দেরি করে কেন্দ্রে উপস্থিত হবে না। উত্তর লেখার পর পুনঃপাঠের জন্য কিছু সময় হাতে রাখবে। পুনঃপাঠে অনেক ভুলত্রুটি দূর হতে পারে।
রহিমা আক্তার, প্রধান শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা