এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩,৫৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রবেশের আগে অপেক্ষায় শিক্ষার্থীরা। খুলনা পাবলিক কলেজ, ১৪ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন

এসএসসি পরীক্ষার প্রথম দিনে আজ রোববার ৩ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের জন্য দুজন পরীক্ষার্থী এবং দুজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণকক্ষের হিসাবে এই তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর আজ সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভিন্ন পরিস্থিতিতে এই পরীক্ষাও হচ্ছে ভিন্নভাবে। এবার সব বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হচ্ছে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হবে না।

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীরা। মতিঝিল এলাকা, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: দীপু মালাকার

আজ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞানের (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৮৮ হাজার ৩৪ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ৪ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৮৮৪, চট্টগ্রামে ১৯৪, রাজশাহীতে ৪৬৩, বরিশালে ১৭২, সিলেটে ১৪৮, দিনাজপুরে ৫৯৭, কুমিল্লায় ৬০৭, ময়মনসিংহে ৩১২ এবং যশোর শিক্ষা বোর্ডে ১৭১ জন পরীক্ষার্থী। বহিষ্কৃত দুজন পরীক্ষার্থীর মধ্যে একজন দিনাজপুর শিক্ষা বোর্ডের এবং আরেকজন বরিশালের। পরিদর্শক দুজনেই বরিশাল শিক্ষা বোর্ডের।

রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে। মতিঝিল এলাকা, ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: সাজিদ হোসেন

দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম পাবলিক পরীক্ষায় বসল শিক্ষার্থীরা। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছিল। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখের বেশি।

গত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার পরের মাসে দেশে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এখন এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়ে আবার দেশে পাবলিক পরীক্ষা নেওয়া শুরু হলো। এ পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর।