এসএসসি পরীক্ষার বিশেষ পরামর্শ | ভূগোল ও পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষা ২০২১ | বিশেষ পরামর্শ
এসএসসি পরীক্ষা ২০২১ | বিশেষ পরামর্শ

ভূগোল ও পরিবেশ

মানচিত্র আঁকবে উত্তরের প্রয়োজনে

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, কীভাবে পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিষয়ে খুব ভালো নম্বর তোলা যায়, তার টিপস।

নম্বর বিভাজন

পরীক্ষায় সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ১১টি। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৩ × ১০ অর্থাৎ ৩০ নম্বর। নৈর্ব্যক্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে যেকোনো ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১ × ১৫ অর্থাৎ ১৫ নম্বর। তোমাদের জন্য সময় বরাদ্দ থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। সৃজনশীল প্রশ্নের জন্য ১ ঘণ্টা ১৫ মিনিট এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ১৫ মিনিট।

অ্যাসাইনমেন্টকে গুরুত্ব দাও

সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ১, ২, ৪, ৬, ৮ ও ১০ অধ্যায়ের ওপর ভিত্তি করে তোমাদের বোর্ড পরীক্ষা হবে। এসব অধ্যায় থেকে তোমাদের যেসব অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেগুলোয় বেশি করে গুরুত্ব দাও। মনোযোগসহ সেগুলো বারবার চর্চা করো।

সময় কাজে লাগাও

যেকোনো পরীক্ষায়ই ভালো নম্বর তুলতে হলে সব বিষয়ে সমান নজর দিতে হয়। ভূগোলের জন্যও সেটা প্রযোজ্য। সারা দিনের মধ্যে যতটুকু সময় ‘ভূগোল ও পরিবেশ’ বিষয়ের জন্য দেবে, ততটুকু সময় মন দিয়ে পাঠ্যবইটি পড়বে। পরীক্ষার যে কয়েক দিন বাকি আছে, অযথা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখবে, আত্মবিশ্বাস বাড়বে।

চিত্র আঁকার অভ্যাস করো
ভূগোলের ক্ষেত্রে ছবি আঁকার একটা ব্যাপার থাকে। অনেক সময় প্রশ্নে ছবি আঁকার কথা বলা হয় না, কিন্তু তোমাকে বুদ্ধি করে ছবিটা আঁকতে হবে। এতে তোমার নম্বর বাড়বে। তাই বাড়িতে চিত্রগুলো ঘড়ি ধরে সুন্দর করে আঁকার চেষ্টা করো। এটা তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তুলতে সাহায্য করবে।

মো.শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা