কেন্দ্রে এসে জানলেন পরীক্ষা বাতিল, সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৮ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের তা আগে জানানো হয়নি। আজ শনিবার সকালে তাঁরা কেন্দ্রে গিয়ে জানতে পারেন, পরীক্ষা হচ্ছে না। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন।

বিনা নোটিশে পরীক্ষা স্থগিত ও দ্রুত পরীক্ষা নেওয়ার দাবিতে আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ের রাস্তা আটকে বিক্ষোভ করেন সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। এ সময় নীলক্ষেত ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। পরে শিক্ষকেরা এসে বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাস্তা ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল ১০টার দিকে ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাশারসহ কয়েকজন শিক্ষক নীলক্ষেত মোড় অবরোধ করা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান। তাঁরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ডিগ্রির শিক্ষার্থীদের অসমাপ্ত পরীক্ষাটি দ্রুত নেওয়ার আশ্বাস দেন ও শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ আশ্বাসে শিক্ষার্থীরা রাস্তা ছাড়েন।
ইডেন মহিলা কলেজের শিক্ষক খায়রুল বাশার সাংবাদিকদের বলেন, ‘আমাদের কলেজে ডিগ্রির পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষা স্থগিতের বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার। এখানে আমাদের কিছু করার নেই৷ তবে আমরা ডিগ্রির শিক্ষার্থীদের বলেছি, কলেজ অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব।’
এদিকে নীলক্ষেত অবরোধে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর ভাষ্য, ‘ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২০১৮ সালে হওয়ার কথা ছিল৷ কিন্তু তা হয়নি৷ গত বছরের ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়েছে। আজ এ পরীক্ষা শেষ হওয়ার কথা। কিন্তু বিনা নোটিশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই আমরা বড় ধরনের সেশনজটে আছি। আমাদের সঙ্গে এই অবিচার কেন?’