ক্যাম্পাসজীবনে গড়া সম্পর্কই সম্পদ হয়ে ওঠে
মার্কিন লেখক, অভিনেত্রী ও প্রযোজক ইসা রে হলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন। এইচবিওর জন্য লেখা ‘ইনসিকিওর’ সিরিজের জন্য তিনি পেয়েছিলেন গোল্ডেন গ্লোব ও এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন। তাঁর লেখা স্মৃতিকথার বই নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকায় ছিল। এই লেখক ও শিল্পী গত ১৩ জুন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেন।
দেড় বছর ধরে আমাদের সবাইকে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। পৃথিবীর এই সংকটময় মুহূর্তেও নিজেকে অবিচল রেখে, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে, এক ফোঁটা আগ্রহও না হারিয়ে একটা ডিগ্রি অর্জন করে নেওয়া চাট্টিখানি কথা নয়! আমি তোমাদের জায়গায় হলে হয়তো মহামারির এই রূপ দেখে আগেই হার মেনে নিতাম। কিন্তু তোমরা করে দেখালে। হলফ করে বলতে পারি, এত অনিশ্চয়তা আর পাগলামির মধ্য দিয়ে যাওয়ার পরও ভবিষ্যতে এই সময়টাই তোমাদের জীবনের অমূল্য অংশ হয়ে থাকবে।
তোমাদের মতো আমার জীবনের সফরটাও এই ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল। তোমরা আজ যেখানে বসে আছ, ২২ বছর বয়সে আমিও ঠিক ওই জায়গায়ই বসে ছিলাম। আমাদের গ্র্যাজুয়েশনের কয়েক মাস আগে ক্যাম্পাসে একটা গুজব ছড়ায়। শোনা যায়, আমাদের সমাবর্তনে বক্তা হবেন অপরাহ্ উইনফ্রে। এটা শুনে আমার খুশি আর দেখে কে! অপরাহ্ আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ২০০৭ সালের কথা বলছি। ওই বয়সে নিজের অনুপ্রেরণাকে চোখের সামনে দেখতে পাওয়া ছিল এক বিরাট সৌভাগ্যের ব্যাপার। বিশ্বাসই হচ্ছিল না, আমি আর অপরাহ্ মুখোমুখি বসব, তাঁর হাত থেকে নেব ডিগ্রি। মনে মনে আশা বুনতে লাগলাম! কিন্তু কয়েক সপ্তাহ পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অপরাহ্ নন, আমাদের সমাবর্তনে আসবেন কোনো এক সম্মানিত কবি। ভীষণ আহত হয়েছিলাম। মনটাই ভেঙে গিয়েছিল সেদিন। কারণ, আমার বেড়ে ওঠার সময়টায় গান, টিভি নাটক, সিরিজের যতটা প্রভাব ছিল, কবিতার ততটা ছিল না। কিন্তু তারপরও আমি উদার মন নিয়েই সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলাম।
সমাবর্তন নিয়ে আমার তখনকার চিন্তাধারা ছিল, বক্তার কথায় কী আর আসে যায়! বরং আমি রোমঞ্চিত ছিলাম জীবনের নতুন অধ্যায় শুরু করা নিয়ে। সমাবর্তনের দিনটিকে আমি ক্যাম্পাসজীবনের বিদায়লগ্নের উদ্যাপন হিসেবে ধরে নিয়েছিলাম। ওই সমাবর্তনের আয়োজনে বসে আমি সবার সঙ্গে মেসেজ চালাচালি করে কথা বলছিলাম, ঠাট্টা করছিলাম, মেসেজ পড়ে হাসাহাসি করছিলাম। ওই সময় আমি বুঝতে পারছিলাম না, এটা যে ভীষণ অসম্মানজনক। তোমরাও যদি আজ আমার মতো কিছু করে থাকো, ব্যাপার না। আমিও একদিন তোমাদের মতোই ছিলাম।
আমার আফ্রো বাবা দর্শকসারিতে বসে সমাবর্তন অনুষ্ঠান দেখছিলেন। আমার কাণ্ড–কারখানা দেখে বাবা গ্যালারি থেকে মেসেজ পাঠিয়েছিলেন, ‘বোকার মতো আচরণ বন্ধ করে একটু সম্মান দেখাও।’ আসলে বাবা ওই দিন আমার ওপর ভীষণ রেগে ছিলেন। কারণ, ওই দিনই তিনি জানতে পারেন, আমার ব্যাপারে চার বছর ধরে তিনি যে ধারণা রাখেন, তা ভুল। এর আগেও আমি হাইস্কুলে পড়ার সময় আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়েছিলাম। তিনি চাইতেন, আমি যেন ডাক্তার হই। কিন্তু হাইস্কুল শেষে আমি একটা হাসপাতালে ইন্টার্নশিপ করার সময় বুঝতে পারি, মানুষের যন্ত্রণা দেখার মতো শক্তি আমার নেই। তাই ওই যাত্রায় বাবার স্বপ্ন আমি পূরণ করিনি। এরপর বাবা আমাকে সাহস দিয়ে বলেছিলেন, ‘যাক ব্যাপার না। আইন কিংবা ব্যবসা শিক্ষাও বিষয় হিসেবে খারাপ নয়।’ তাই তাঁর কথায়ই ঠিক করেছিলাম, পলিটিক্যাল সায়েন্সে পড়ব। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে তাতেও মন বসাতে পারিনি। সমাবর্তনে এসেই বাবা প্রথম জানতে পারেন, পলিটিক্যাল সায়েন্স নয়, আমি আসলে স্নাতক করেছি আফ্রো–আমেরিকান স্টাডিজ বিষয়ে। সমাবর্তন অনুষ্ঠান শেষে বিরক্ত নিয়ে বলেছিলেন ‘আফ্রো–আমেরিকান স্টাডিজ? এর চেয়ে ফুল পরিচর্যা বিষয় নিয়েই না হয় পড়তে!’ আমি তাঁকে সেদিন সত্যিই ভীষণ কষ্ট দিয়েছিলাম।
কিন্তু বিষয় পরিবর্তনের এই সিদ্ধান্ত আমি নিজের জন্য নিয়েছিলাম, নিজের ভেতরের তাড়নায়। যখন আমার মেজর নির্ধারণের সময় আসে, তখন আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, ‘কেন আমি পলিটিক্যাল সায়েন্সে পড়তে চাই?’ আমার মাথায় একটা উত্তরই তখন বারবার আসছিল, ‘বাবার জন্য পড়তে চাই।’ তাই শেষমেশ আমি নিজের জন্য বিষয় পরিবর্তন করি। আমি চাইতাম লেখক হতে, ফিল্ম, টিভি শো, মঞ্চের জন্য লিখতে। আমি নতুন নতুন গল্প বলতে চাইতাম। যেসব গল্প আমার, আমার মতো অনেকের। লেখালেখিকে শুধু শখে সীমাবদ্ধ না রেখে একে জীবনের অংশ বানাতে চাই। কিন্তু সাহস করতে পারতাম না। অবশেষে ক্যাম্পাসজীবন শুরু করার পর আস্তে আস্তে উপলব্ধি করতে থাকি, আমি একা নই। আমার মতো অনেকেই আছেন, যাঁরা নিজের শখকে জীবনের শক্তিতে রূপ দিতে চান, স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান। স্ট্যানফোর্ডের ক্যাম্পাসজীবন আমার দৃষ্টিভঙ্গি বদলে দিল। এই ক্যাম্পাসে এসে আমি এত সহায়তা আর সাহস পেয়েছি, যা এখনো আমার জীবনের চালিকাশক্তি হয়ে কাজে লাগছে।
তাই তোমরা যারা আজ ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে, ভাবছ সামনের দিনগুলোয় কী করবে? কেমন করে চলবে? অনেকে হয়তো প্রস্তুতি নিয়ে মাঠে নামছ, অনেকে আবার অপ্রস্তুত। তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন আর কৌতূহল উঁকি মারছে। সবার জন্যই বলছি, তোমাদের সব সমস্যার সমাধান আজ এই মাঠের মধ্যেই আছে। তোমাদের প্রশ্নগুলোর উত্তর হয়তো বসে আছে তোমার ডানে, বাঁয়ে অথবা তোমার পেছনে কিংবা একটু দূরে। দেখো, ক্যাম্পাসজীবনে গড়া এসব সম্পর্কই সম্পদ হয়ে উঠবে। এই সম্পর্ক ধরে রেখো, এই সম্পর্কে বিনিয়োগ করো আর এগিয়ে যাও।
ইংরেজি থেকে অনুদিত
সূত্র: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট