গণিত ইশকুল | পাইয়ের আদ্যোপান্ত: পর্ব ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে গণিতবিদ অথবা গণিতপ্রেমিক, আপনি যাঁর কথাই বলুন না কেন, পাই নিয়ে জল্পনা–কল্পনা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন! যিনি কিছুদিনের জন্য হলেও গণিত করেছেন, তিনি এটা অবশ্যই খেয়াল করেছেন যে আমরা যা–ই করি না কেন, কোত্থেকে যেন গণিতের মধ্যে পাই চলে আসে। এবার আসা যাক মূল কথায়, কে এই পাই? এল কোথা থেকে এই পাই? এই জিনিস নিয়ে কেনই–বা এত আলোচনা? তাহলে চলুন আমরা পাইয়ের জীবনকাহিনি ও নামকরণ নিয়ে একটু জেনে আসি।

তাহলে পাই জিনিসটা আসলে কী! এটির মূল ধারণা এল কোথা থেকে আচ্ছা এখানে বলে রাখি যে গণিতের চিন্তাধারা কিন্তু সেই তখন থেকেই, যখন থেকে মানুষের সূচনা, মানুষ সে সময় থেকেই তার আশপাশে যা দেখত, সেসব জিনিস নিয়ে ভাবত এবং সেখান থেকে তারা চেষ্টা করত নতুন কিছু খুঁজে পাওয়ার। এভাবে একসময় তারা যখন বৃত্ত সম্পর্কে জানল, তখন একটা মজার ব্যাপার খেয়াল করল। সেটি হলো, তারা যে আকারের বৃত্ত নিয়েই হিসাব করে না কেন, বৃত্তগুলোর পরিধি ও ব্যাসের অনুপাত সব সময়ই একটা নির্দিষ্ট সংখ্যা হয়।

এখন প্রথমে দেখা যাক যে তারা আসলে কীভাবে বুঝতে পেরেছিল যে সব বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান?

চিত্র: ১

চিত্র: ১–এ দুইটি বৃত্ত নেওয়া হলো, যাদের ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 এবং C1 ও C2 দিয়ে এদের পরিধি বোঝানো হয়েছে। চিত্র দেখে বোঝাই যাচ্ছে যে একদম ভেতরের সুষম বহুভুজটির পরিসীমা আর বৃত্তটির পরিধি প্রায় সমান। একই ব্যাপার ঘটে বাইরের বহুভুজ ও বাইরের বৃত্তের জন্য এবং এটিও বোঝা যাচ্ছে যে সুষম বহুভুজের বাহুর সংখ্যা যতই বাড়ানো হবে, এর পরিসীমা বৃত্তের পরিধির ঠিক তত কাছাকাছি যাবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এভাবে অসীমসংখ্যক বাহু নিলে বহুভুজের পরিসীমা বৃত্তের পরিধির সমান হয়ে যাবে।

তাহলে বলা যায় যে

C1=lim(n*S1) C2=lim(n*S2)

চিত্রে যে দুটি ত্রিভুজ দেখা যাচ্ছে, যথাক্রমে r1 ও S1এবং r2 ও S2 নিয়ে গঠিত—এই ত্রিভুজ দুটি সদৃশ। সুতরাং বলাই যায় যে

S1/r1=S2/r2 অর্থাৎ, lim(n*S1)/(2*r1)=lim(n*S2)/(2*r2)

বা, C1/(2*r1) = C2/(2*r2)

তাহলে আমরা এখন একটু হলেও বুঝতে পারলাম, যেকোনো বৃত্তের জন্য এটা সত্য যে এদের পরিধি ও ব্যাসের অনুপাত সব সময় একটা নির্দিষ্ট সংখ্যা। এবার তাহলে আসা যাক যে, এই সংখ্যাটির মান কত কবে! এই প্রশ্ন এখনকার সময়ের কোনো প্রশ্ন নয়! প্রায় চার হাজার বছর আগে এই প্রশ্ন তখনকার গণিতবিদদের মাথায় এসেছিল , তাঁরা যখন বুঝতে পারলেন যে এ রকম একটি সংখ্যা আছে, তখনই তাঁরা চেষ্টা করতে শুরু করেছিলেন, যেকোনোভাবে এই নম্বরের মান জানা যায় কি না। প্রথম দিকে এই সমস্যার সমাধান করতে তাঁরা অনেকটাই ব্যর্থ ছিলেন। তবে ব্যাবিলনের গণিতবিদেরা সর্বপ্রথম ১ একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের মান ভালোভাবেই অনুমান করতে পেরেছিলেন। তাঁরা বলেছিলেন যে এর মান হবে ৩.১২৫ বর্গ এককের কাছাকাছি কোনো সংখ্যা।

এর পরপরই প্রাচীন মিসরের গণিতবিদ Rhind Papyrus (খ্রিষ্টপূর্ব ১৬৫০) সালে ১ একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের মান অনুমান করেছিলেন এবং তাঁর হিসাব অনুযায়ী, এর মান ছিল ৩.১৬০৫ বর্গ একক।

তবে প্রাচীন যুগের বিখ্যাত গণিতবিদ Archimedes of Syracuse সর্বপ্রথম পাইয়ের খুবই ঠিক মান বের করেছিলেন এবং পাইয়ের মান বের করার এক অভিনব পদ্ধতিও বের করেছিলেন। এই গণিতবিদ মূলত পাইয়ের মান বের করেছিলেন দুটি সুষম বহুভুজ দিয়ে।

চিত্র: ২ থেকে বোঝাই যাচ্ছে যে বৃত্তটির পরিধি হলো ভেতরের বহুভুজের পরিসীমা থেকে বড় আর বাইরের বহুভুজের পরিসীমা থেকে ছোট।

চিত্র: ২

আমরা যদি বহুভুজ দুইটির পরিসীমা জানতে পারি, তাহলেই আমরা পাইয়ের মান বের করতে পারব। কারণ, এর পরিসীমা থেকে বুঝতে পারব বৃত্তের পরিধি কত হবে এবং সেটিকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলেই পাইয়ের মান পাওয়া যাবে। আর আমরা যদি অনেক বেশি বাহুর বহুভুজ তৈরি করি, তাহলে পাইয়ের মান সম্পর্কে আরও ভালো ধারণা করতে পারব।

পাইয়ের আদ্যোপান্ত: পর্ব ২