গণিত ইশকুল | সুডোকুর বিভিন্ন ধরন-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক যে সুডোকু আমরা দেখি, অর্থাৎ যে নিয়মকানুন দেখি তা সুডোকুর একটি বিশেষ ধরন। এর বাইরেও বিভিন্ন ধরনের সুডোকু হতে পারে। সুডোকুর ইতিহাস থেকে বলা যায় আধুনিক সুডোকুর মতো না হলেও ল্যাটিন স্কয়ারও একধরনের সুডোকুই। আজকের এই পর্বে আমরা মূলত সুডোকুর সেই বেশ কয়েকটি ধরন নিয়ে জানব।

প্রথমত সুডোকু যে ৩×৩ উপাঞ্চলে বিভক্ত ৯×৯ আকারেরই হবে এমন কোনো কথা নেই। ২×২, ৪×৪ কিংবা ৫×৫ আকারেরও হয়। ৫×৫ আকারের সুডোকুগুলো অনিয়মিতভাবে যুক্ত ৫টি বর্গঘর নিয়ে গঠিত (পেন্টোমিনো) মোট ৫টি অঞ্চলে বিভক্ত থাকে। এর নাম লজি-৫ (Logi-5)। একইভাবে ২×৩ আকারের অঞ্চলে বিভক্ত ৬×৬ আকারের কিংবা অনিয়মিতভাবে যুক্ত ৭ টি বর্গঘর নিয়ে গঠিত (হেপ্টোমিনো) ৬টি অঞ্চল এবং একটি বিচ্ছিন্ন অঞ্চল নিয়ে ৭×৭ আকারের সুডোকুও হতে পারে। এ ছাড়া ডোডেকা সুডোকু নামক ১২×১২ আকারের, নাম্বার প্লেস চ্যালেঞ্জার (Number Place Challenger) নামক ১৬×১৬ আকারের, সুডোকু দ্য জায়ান্ট (Sudoku the Giant) নামক ২৫×২৫ আকারের এবং সুডোকু জিলা নামক ১০০×১০০ আকারের সুডোকুও রয়েছে। সাধারণত ওপরে উল্লেখিত ৬×৬ আকারের সুডোকুকে মিনি সুডোকু বলা হয়। সেখানে ১ থেকে ৬ পর্যন্ত অঙ্কগুলো থাকে।

এবার কয়েকটি বিশেষ ধরনের সুডোকু নিয়ে জানব আমরা। প্রথমেই যেটি সম্পর্কে জানব, সেটি হল কিলার সুডোকু (Killer Sudoku)। সাধারণত কিলার সুডোকু সাধারণ সুডোকুর মতোই ৯×৯ আকারের হয়। তবে সাধারণ সুডোকু থেকে এর পার্থক্যের জায়গা দুটি। প্রথমত, এই ধরনের সুডোকু নির্দিষ্টভাবে ৩×৩ উপাঞ্চলে বিভক্ত থাকলেও এর সঙ্গে সঙ্গে অনিয়মিতসংখ্যক বর্গঘর নিয়ে কয়েকটি অঞ্চল গঠিত থাকে। দ্বিতীয় পার্থক্য হল, এই ধরনের সুডোকুতে কোনো নির্দিষ্ট অঙ্ক বসানো থাকে না। বরং পূর্বে উল্লিখিত প্রতিটি অঞ্চলে একটিমাত্র সংখ্যা বসানো থাকে। যেই সংখ্যা হচ্ছে, ওই অঞ্চলে যে অঙ্কগুলো বসবে তাদের যোগফলের সমান। এ ব্যতীত বাকি নিয়মগুলো সাধারণ সুডোকুর মতোই হয়। তবে উল্লেখ্য, যে অনিয়মিত আকারের অঞ্চল থাকে, সেখানেও কোনো অঙ্ক একাধিকবার বসতে পারবে না।

কখনো কখনো এই ধরনের সুডোকুতে অনিয়মিত আকারের অঞ্চলগুলো বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করা থাকে, আবার কখনো তা সাদাকালো বর্গক্ষেত্রের মধ্যে সীমানা দিয়ে বেষ্টিত খাঁচার আকারে থাকে। অন্যান্য সুডোকুর তুলনায় কিলার সুডোকু সমাধান করার জন্য অনেক বেশি দক্ষতা ও চিন্তাশক্তির প্রয়োজন হয়।

অ্যালফাবেটিক্যাল সুডোকু (Alphabetical Sudoku) বা বর্ণমালা দিয়ে পূর্ণ করতে হয় এমন এক ধরনের সুডোকু রয়েছে। এটি সম্পূর্ণরূপে সাধারণ সুডোকুর নিয়ম মেনে চলে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে, এই ধরনের সুডোকুতে অঙ্কের বদলে ইংরেজি বর্ণমালা বসে। তবে ইংরেজি বর্ণমালাই বসবে এমন কোনো কথা নেই। চাইলে যেকোনো বর্ণমালা বা চিহ্নই বসানো যায়।

হাইপার সুডোকু (Hyper Sudoku) আরও এক ধরনের সুডোকু। এ ধরনের সুডোকু সাধারণ ৯×৯ আকারের গ্রিডের সুডোকুর ধারণা অনুসরণ করে। সাধারণ সুডোকুর মতোই এই সুডোকুও ৩×৩ আকারের উপাঞ্চলে বিভক্ত থাকে। তবে পার্থক্যের জায়গাটি হচ্ছে, এই ধরনের সুডোকুতে আরও ৪টি অতিরিক্ত ৩×৩ আকারের উপাঞ্চল রয়েছে। অর্থাৎ প্রাথমিক ৯টি অঞ্চলের পাশাপাশি আরও ৪টি অঞ্চল থাকে, যেগুলো মূলত এই প্রাথমিক অঞ্চলগুলোকে ছেদ করে থাকে। এ ক্ষেত্রে নিয়ম হচ্ছে, প্রাথমিক ৯টি অঞ্চলে যেমন কোনো অঙ্ক একাধিকবার বসতে পারে না, তেমনি অতিরিক্ত ৪টি অঞ্চলেও কোনো অঙ্ক একাধিকবার বসতে পারে না।

পরবর্তী পর্বে সুডোকুর আরও কয়েকটি ধরন নিয়ে আলোচনা করা হবে। তা ছাড়া পাঠকের সমাধানের জন্য পরবর্তী সময়ে কয়েকটি সুডোকুও দেওয়ার আশা রইল। আশা করি পাঠক সেগুলো সমাধান করতে সক্ষম হবেন।