গণিতপ্রেমী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছ। আজ আমরা গণিতের কিছু মজার জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমরা প্রতিনিয়তই আলোচনা করি বা বিভিন্ন সময় ব্যবহার করি। কিন্তু এটা কী জন্য এমন হয়, সেটা নিয়ে হয়তো মাথা ঘামানো হয়নি। তো চলো, মূল আলোচনায় যাওয়া যাক।
0! =1 কীভাবে?
এটা হয়তো অনেকেই জানো, কিন্তু মূল কারণটা জানো না এবং যারা (!) বা ফ্যাক্টোরিয়ালের সঙ্গে পরিচিত নও, তাদের বলে রাখি, এটা একটা গাণিতিক চিহ্ন, যেটা দিয়ে বোঝায় ১ থেকে ওই সংখ্যাটা পর্যন্ত গুণফল।
যেমন – 3!= 3×2×1 বা 6
আবার 10!= 10×9×8×....×1
তো আশা করি, তোমরা এবার মূল বিষয়টা বুঝতে পেরেছ। তো এবার ফিরে যাই মূল কথায়।
আমরা ফ্যাক্টোরিয়ালের ধারণা অনুযায়ী বলতে পারি,
N!= N × (N -1)×(N-2)×(N-3)× ....×3×2×1
তোমাদের যাদের ওপরের লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, নিচের লাইনটা দেখলে আশা করি বুঝতে পারবে।
4!= 4×(4-1)×(4-2)×(4-3) বা 4×3×2×1। এবার আশা করি বুঝতে পেরেছ।
তো আবার দেখি চলো।
N!=N × (N-1)!
এখন N=1 বসিয়ে পাই
1!=1×(1-1)!
1!= 1×0!
0!= 1 ÷ 1 [ 1! = 1]
এটা খুবই মজার একটা বিষয় এবং আজ আমরা দেখলাম, এটা কেন আসলে এমন হয়। এখানে তার একটি সহজ প্রমাণ দেওয়া হলো।
তোমাদের জন্য একটি কাজ থাকবে। তা হলো, অন্য কোনো উপায়ে এটি বের করা যায় কি না, তা দেখবে। তো চলো, দ্বিতীয় আরেকটি জিনিস দেখি।
√25= 5 নাকি ± 5?
এটা কেমন একটু অদ্ভুত লাগতে পারে যে এত বড় হয়ে গেছি, এখন এই প্রশ্ন করা হচ্ছে? তবে মজার হলেও সত্যি যে অনেকে অজ্ঞতাবশত এটার ভুল উত্তর দেয়। সেটা হলো ± 5
হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও আসলে এটি এর
উত্তর নয়। চলো কারণটা দেখে নিই।
আমরা যখন শুধু √25 করি, তখন এটি হবে 5 ।
সহজ একটা ব্যাখ্যা েদই। যদি বলা হয় x 2 = 25, তাহলে x=?
তোমরা সবাই বলবে 5 ও –5। এর কারণটাও বোঝা যায়, কারণ এখানে দ্বিঘাত রয়েছে। অর্থাৎ √25 ও -√25। এটাতে একটা চলক আছে এবং বলা যায় ছোটখাটো একটা সমীকরণ। তবে যদি শুধু √25 থাকে, তাহলে নিশ্চয়ই এখানে শুধু প্লাসের মানটাই হবে। কারণ, এটা √-25 নয় কিন্তু। তোমরা নিশ্চয়ই জানো যে রুটের মধ্যে মাইনাস চলে এলে সেটা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। তো আশা করি, তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ বিষয়টা।
রিপইউনিট প্রাইম
পৃথিবীতে অসংখ্য মৌলিক সংখ্যা আছে। আবার এগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা নামও আছে। তার মধ্যে একটা হলো রিপইউনিট প্রাইম। এটা বলতে মূলত বোঝায় যে repeated unit । যেসব মৌলিক সংখ্যা কেবল 1 দিয়ে গঠিত। যেমন 11। প্রথমটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। কিন্তু পরে যত এগোনো হবে, এটাও তত বড় হতে থাকবে। বলা যায়, মারাত্মক বড়। এরপরের দুটি মৌলিক সংখ্যা হলো 1111111111111111111 ও 11111111111111111111111 । বলে দেওয়া ভালো যে এ দুটি যথাক্রমে 19 ও 23 অঙ্কের। তো তোমাদের আর আলাদা করে গোনার দরকার নেই, চোখে ধাঁধা লেগে যেতে পারে! এরপরের চারটি মৌলিক সংখ্যা হলো যথাক্রমে 317, 1031, 49081 ও 86453 অঙ্কের।
তো আজ এখানেই শেষ করছি। অন্য দিন দেখা হবে নতুন কোনো গাণিতিক বিষয় নিয়ে। তত দিনে আপনমনে গণিতচর্চা করতে থাকো। ধন্যবাদ।