রাতুল, মিতু আর স্বাধীন তিন ভাই–বোন। তারা সবাই গণিত নিয়ে খুব আগ্রহী। কিন্তু তারা এমন কাউকে খুঁজে পেল না, যার কাছে তারা মনের আনন্দে গণিত নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারবে, থাকবে না কোনো বাধা। তো তারা একদিন একটি স্কুলের সন্ধান পেল, যেখানে সবাই মনের আনন্দে গণিতচর্চা করতে পারে এবং গণিত নিয়ে যেকোনো আলোচনা করতে পারে। সেটি হলো গণিত ইশকুল এবং যিনি এটি পরিচালনা করেন, সবাই মিলে তাঁর নাম দিয়েছে ‘অঙ্ক ভাইয়া’। তো তারা তিনজন প্রথম দিন ইশকুলে এল। চারপাশে যাকেই দেখে, সে–ই গণিতের কোনো একটা মজার বিষয় নিয়ে চিন্তাভাবনায় মত্ত। তো অঙ্ক ভাইয়া তাদের ডাকলেন এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, ‘তোমরা গণিতের যেকোনো বিষয় নিয়ে মনে খুলে আলোচনা করতে পারো।’ এটা শুনেই রাতুল বলে উঠল, ‘ভাইয়া, আমরা জ্যামিতির ইতিহাস নিয়ে জানতে চাই।’
এটা শুনে ভাইয়া খুবই খুশি হলেন। কারণ, অনেক দিন ধরেই বিষয়টা নিয়ে তিনি চিন্তা করছিলেন এবং আজ সুযোগ পেয়েছেন সবার সঙ্গে আলোচনার। তো তিনি প্রথমে জ্যামিতির ইতিহাস দিয়ে শুরু করলেন।
আমরা গণিতের কয়েকটি শাখা সম্পর্কে জানি। তার মধ্যে অন্যতম হলো জ্যামিতি। স্থান বা জগতের দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুসমূহের ক্ষেত্রফল, আয়তন, উচ্চতা ইত্যাদি নির্ণয়ের জন্য জ্যামিতির দরকার হয়। আমাদের সবারই জানা যে জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ।
ইংরেজিতে Geometry শব্দটি গ্রিক Geo যার অর্থ ভূমি এবং Merton যার অর্থ পরিমাপ থেকে এসেছে। তবে জ্যামিতি শুধু ভূমির পরিমাপের জন্য ব্যবহার করা হয় না বরং এর বহুবিধ ব্যবহার আছে।
প্রায় চার হাজার বছর পূর্বে প্রাচীন মিসর ব্যাবিলন, ভারত, চীন ও ইনকা সভ্যতার বিভিন্ন কাজে জ্যামিতির ব্যবহারের প্রমাণ মেলে। সিন্ধু উপত্যকায় জ্যামিতির বহুল ব্যবহার ছিল। বৈদিক যুগে ত্রিভুজ, চতুর্ভুজ ও ট্রাপিজিয়াম আকৃতির বেদি তৈরি করা হতো।
তবে জ্যামিতি চূড়ান্ত রূপ পেতে থাকে থেলিস ও ইউক্লিডের কল্যাণে। অনেকের মতে থেলিসকে প্রথম জ্যামিতিক প্রমাণের কৃতিত্ব দেওয়া হয়। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দের দিকে ইউক্লিড তাঁর বিখ্যাত গ্রন্থ ‘এলিমেন্টস’ রচনা করেন। ১৩ খণ্ডের এই বই–ই বর্তমানে আধুনিক জ্যামিতির ভিত্তিস্বরূপ। এ ছাড়া পিথাগোরাসও জ্যামিতিতে অনেক অবদান রাখেন। বিভিন্ন জ্যামিতিক ব্যবস্থার মধ্যে ইউক্লিডীয় জ্যামিতির সঙ্গেই আমরা বেশি পরিচিত। কারণ, এটি আমাদের প্রাত্যহিক জগতের বেশির ভাগ অভিজ্ঞতা বর্ণনা করতে সক্ষম। তবে ইউক্লিডীয় জ্যামিতি ছাড়া রয়েছে আরও নানা রকম জ্যামিতি। এ ছাড়া জ্যামিতির মধ্যে রয়েছে অনেক জ্যামিতিক সূত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্তসহ আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয়।
মধ্যযুগে জ্যামিতির এত বেশি উন্নতিসাধন না হলেও কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো—ভারতীয় গণিতবিদ আর্য ভট্ট পাইয়ের মান নির্ণয় করেন, যা দশমিকের পর চার ঘর পর্যন্ত ঠিক ছিল। এ ছাড়া তিনি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পুনরাবিষ্কার করেন।
এরপর ১৭ ও ১৮ শতকে জ্যামিতিচর্চায় গতি ফিরে আসে।
অঙ্ক ভাইয়া এবার একটা প্রশ্ন করলেন, ‘তোমরা কি উপপাদ্য সম্পর্কে জানো?’
রাতুল বলল, ‘হ্যাঁ, মোটামুটি জানি।’
এরপর অঙ্ক ভাইয়া বললেন, পৃথিবীতে অনেক জ্যামিতিক উপপাদ্য আছে। অ্যাপলোলিনিয়াসের উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, প্যাসকেলের উপপাদ্যসহ আরও অনেক অনেক উপপাদ্য। এখন মিতু প্রশ্ন করল, ‘ভাইয়া, আমি একবার প্রজাপতি উপপাদ্য সম্পর্কে শুনেছিলাম। এটা নিয়ে বিস্তারিত কোথায় জানতে পারব?’
তিনি বললেন, ‘এটা নিয়ে জানতে হলে তোমাদের গণিত ইশকুলে প্রকাশিত “প্রজাপতি উপপাদ্য”বিষয়ক লেখাটা পড়তে হবে।’