পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায় ১২
বর্ণনামূলক প্রশ্ন
১. প্রশ্ন: বাংলাদেশের উত্তরে সার্কভুক্ত দুটি ছোট দেশ আছে। দেশ দুটি সম্পর্কে লেখো।
উত্তর: বাংলাদেশের উত্তরে সার্কের দুটি ছোট সদস্যরাষ্ট্র হলো নেপাল ও ভুটান।
নিচে দেশ দুটির সম্পর্কে আলোচনা করা হলো—
নেপাল: নেপালের রাষ্ট্রীয় নাম ‘ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল’। দেশটির রাজধানীর নাম কাঠমান্ডু। নেপালের আয়তন প্রায় ১,৪৭,১৮১ বর্গ কিমি। দেশটি হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত। নেপালে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্ট অবস্থিত।
ভুটান: ভুটানের রাষ্ট্রীয় নাম ‘কিংডম অব ভুটান’। রাজধানীর নাম থিম্পু। আয়তন প্রায় ৩৮,৩৯৪ বর্গ কিমি। দেশটির ভূপ্রকৃতি পাহাড়ি। ভুটানের মানুষ তাদের দেশকে বলে ‘বজ্র ড্রাগনের দেশ’। পুরোনো ঐতিহ্য আর আধুনিকতার মিশেল দেখা যায় দেশটিতে।
সংক্ষিপ্ত প্রশ্ন
২. প্রশ্ন: জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লেখো?
উত্তর: জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম হচ্ছে সচিবালয়।
৩. প্রশ্ন: জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো?
উত্তর: জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থা হচ্ছে–
১. ইউনিসেফ, ২. ইউনেসকো ৩. ইউএনডিপি, ৪. বিশ্বব্যাংক
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা