পঞ্চম শ্রেণি – বাংলা | হাতি আর শিয়ালের গল্প: প্রশ্নোত্তর (১০-১২)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি আর শিয়ালের গল্প

১০। প্রশ্ন: শিয়াল কীভাবে বনের পশুপাখিকে রক্ষা করল?

উত্তর: হাতির অত্যাচারে বনের সবাই ভীত, তটস্থ ও শঙ্কিত হয়ে পড়েছিল। সিংহ, বাঘ, ভালুক, বানর, হরিণ ও বনবিড়ালের পরামর্শে বুদ্ধিমান শিয়ালকে এই বিষয়ে একটা বিহিত ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়।

সেই অনুযায়ী একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হয় হাতির আস্তানায়। হাতির আস্তানায় ঢুকে শিয়াল লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে প্রথমে হাতিকে সালাম দিল। তারপর বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে, সবাই উদগ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। তারপর হাতিকে কৌশলে নদীর পানিতে ডুবিয়ে শিয়াল বনের পশুপাখিকে রক্ষা করল।

১১। প্রশ্ন: অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কী হয়?

উত্তর: সবাই জানে ‘অহংকার পতনের মূল’। অত্যাচারীর পরিণামও হয়ে থাকে ভয়াবহ। অহংকারী ও অত্যাচারীকে কেউ পছন্দ করে না। তার বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না।

‘হাতি আর শিয়ালের গল্প’ থেকে এ কথাগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায়। গল্পের হাতিটা ছিল বিশাল দেহের অধিকারী। শক্তিও ছিল প্রচণ্ড। এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার। বনের পশুদের ওপর তার অত্যচারও ছিল নজিরবিহীন। নিরীহ প্রাণীদের শুঁড়ে জড়িয়ে দূরে ছুড়ে ফেলা কিংবা পায়ের তলায় পিষে ফেলা তার প্রতিদিনের কাজ ছিল। হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে বনের সব প্রাণী। একসময় বনের পশুরা এই অত্যাচারের প্রতিকার করার জন্য পরামর্শ করে। সিদ্ধান্ত অনুসারে শিয়াল কৌশলে হাতিকে নদীতে ডুবিয়ে শাস্তি দেয়।

কাজেই বলা যায়, অহংকারী ও অত্যাচারী সাময়িক সুবিধা ভোগ করলেও শেষ পর্যন্ত তার পরিণাম হয় ভয়াবহ।

১২। প্রশ্ন: অনেক দিন আগে মানুষ কী শিখছিল?

উত্তর: অনেক অনেক দিন আগে পরিবেশ এতটা উন্নত ছিল না। সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়ায় পরিবেশ ছিল ভিন্ন রকম আমেজে ভরা। সেই সময়ের দিনগুলোতে বনে বনে ছিল পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী আর অসংখ্য পাখপাখালি ভরা ছিল বন-জঙ্গল। লোকালয়ে বসবাসকারী মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছিল আর শিখছিল কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় সেসব কায়দা-কানুন।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ প্রশ্নোত্তর (৭-৯)