পুনর্মূল্যায়নে বদলে গেল অকৃতকার্য পরীক্ষার্থীর ফল, স্বস্তি বগুড়া জিলা স্কুলে
এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে বগুড়া জিলা স্কুলের ছাত্র অনিন্দ্য পাল অকৃতকার্য হয়। গত ৩০ ডিসেম্বর ঘোষিত এই ফলাফলে দেখা যায়, সে জীববিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছে। এর মধ্য দিয়ে বগুড়া জিলা স্কুল জেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান থেকে ছিটকে পড়ে। পরে অনিন্দ্য ফল পুনর্মূল্যায়নের আবেদন করে। আর তখনই বদলে যায় পুরো চিত্র।
পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর জানা গেল, অনিন্দ্য জীববিজ্ঞান বিষয়ে ৯৩ নম্বর পেয়েছে। এর ফলে সে জিপিএ-৫ পেয়ে পাস করেছে বলে সংশোধিত ফল প্রকাশ করে রাজশাহী শিক্ষা বোর্ড। অনিন্দ্যের এই ফলাফলের মধ্য দিয়ে শতভাগ পাস ও সেরার স্বীকৃতি ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত বগুড়া জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার অনিন্দ্য পালকে ডেকে মিষ্টিমুখ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডে জিপিএ-৫ অর্জনের সংখ্যার সূচকে বরাবরের মতো এবারও সেরা বগুড়া। জিপিএ-৫–এর সূচক ও পাসের হারে গত বছর জেলায় সেরার অবস্থান ছিল বগুড়া জিলা স্কুলের। তবে ৩০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে একজন শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা করায় সেরার অবস্থান থেকে শত বছরের পুরোনো বিদ্যালয়টি ছিটকে পড়ে।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী বলেন, এবার জিলা স্কুল থেকে মোট ২৩৬ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। প্রথম দফায় বোর্ডের প্রকাশিত ফলাফলে ২৩৫ জন শিক্ষার্থী পাস করে। অকৃতকার্য হয় একজন। পাসের হার ৯৯ দশমিক ৫৮। এ ছাড়া ২৩৬ জন ছাত্রের মধ্যে জিপিএ-৫ পায় ২৩২ জন। জিপিএ–৫ অর্জনের হার ৯৮ দশমিক ৩০।
শ্যামপদ মুস্তাফী আরও বলেন, খাতা পুনর্মূল্যায়নের পর রাজশাহী বোর্ড থেকে সংশোধিত ফল ঘোষণা করা হয়েছে। এখন বগুড়া জিলা স্কুলের পাসের হার শতভাগ। সংশোধিত ফল প্রকাশের মধ্য দিয়ে বগুড়া জিলা স্কুল সেরার গৌরব ফিরে পেয়েছে। অনিন্দ্যের পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানও খুশি।