প্রতিটি সৃজনশীল প্রশ্নে প্রয়োজনীয় চিত্র আঁকবে | এইচএসসি পরীক্ষা ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী এ বছর জীববিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। বহুনির্বাচনি অংশে ২৫টি থেকে ১২টি এবং সৃজনশীল অংশে ৮টি প্রশ্ন থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে।

  • সৃজনশীল অংশে ক প্রশ্নটি জ্ঞানমূলক। এখানে পাঠ্যপুস্তকে উল্লিখিত কোনো সংজ্ঞা জানতে চাওয়া হয়। ধরা যাক, প্রশ্ন করা হলো, ইউক্রোমাটিন কাকে বলে? সংজ্ঞাটি সঠিকভাবে লিখতে পারলে বরাদ্দকৃত পূর্ণ ১ নম্বর পাবে পরীক্ষার্থী।

  • খ প্রশ্নটি অনুধাবনমূলক। এখানে পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে কোনো বিষয় ব্যাখ্যা করতে হয়। যেমন প্রশ্ন করা হলো, গ্লুকোজকে কেন রিডিউসিং সুগার বলা হয়? উত্তর প্রদানের ক্ষেত্রে রিডিউসিং সুগারের জ্ঞানের আলোকে গ্লুকোজকে ব্যাখ্যা করতে পারলেই বরাদ্দকৃত পূর্ণ ২ নম্বর পাবে।

  • গ প্রশ্নটি প্রয়োগমূলক। ধরা যাক, উদ্দীপকে তিনটি চিত্রের মধ্যে প্রথম চিত্রটি সেন্ট্রোজোমের, যাকে P দ্বারা চিহ্নিত করা হয়েছে। গ প্রশ্নে বলা হলো, কোষ বিভাজনে P–এর ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী P অঙ্গাণুটি চিনতে পারলে ১ নম্বর পাবে, অঙ্গাণুটি ব্যাখ্যা করতে পারলে ২ নম্বর ও কোষ বিভাজনে P অঙ্গাণুর ভূমিকা ব্যাখ্যা করতে পারলে বরাদ্দকৃত পূর্ণ ৩ নম্বর পাবে।

  • ঘ প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। ধরা যাক, উদ্দীপকের তিনটি চিত্রের মধ্যে দ্বিতীয় চিত্র DNA ও তৃতীয় চিত্র RNA–কে যথাক্রমে Q ও R দ্বারা চিহ্নিত করা হলো। ঘ প্রশ্নে জানতে চাওয়া হলো, Q ও R–এর মধ্যে কোনটি অনুলিপনে সক্ষম? যুক্তিসহ মতামত দাও।

    উত্তর প্রদানের ক্ষেত্রে Q ও R চিনতে পারলে ১ নম্বর, Q ও R ব্যাখ্যা করতে পারলে ২ নম্বর, Q (DNA)–এর অনুলিপন ব্যাখ্যা করতে পারলে ৩ নম্বর এবং Q অনুলিপনে সক্ষম হলেও R (RNA) অনুলিপনে সক্ষম নয়—এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে সঠিক মতামত প্রদান করতে পারলেই বরাদ্দকৃত পূর্ণ ৪ নম্বর পাবে।

  • বহুনির্বাচনি অংশে পাঁচটি অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে। সুতরাং বহুনির্বাচনি অংশে ভালো নম্বরের জন্য অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্রের বিভিন্ন অংশ, উদাহরণ ইত্যাদি ভালো করে পড়তে হবে।

  • জীববিজ্ঞান ১ম পত্রে উত্তর প্রদানের সময় অনেক ক্ষেত্রেই চিত্র আঁকার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই চিত্র ছাড়া না বুঝে মুখস্থ করার চেষ্টা করে।

  • চিত্রের সঙ্গে মিলিয়ে পুরো বিষয়টি বুঝে পড়লে তা সহজেই বোধগম্য হয়। আর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে বুঝে পড়ার বিকল্প নেই। মনে রাখবে, পাঁচটি প্রশ্নের উত্তরই যাতে লিখে শেষ করতে পারো, সে জন্য সময় ভাগ করে নেবে।

  • প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে। লেখা শেষে উত্তরপত্র অবশ্যই পুনরায় পাঠ করবে। এখন বাসায় প্রতিটি বিষয়ের নির্ধারিত অধ্যায় ভালো করে রিভিশন দেবে।

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা