প্রাথমিক ও মাধ্যমিকে ক্লাস পর্যায়ক্রমে বাড়বে
অষ্টম ও নবম শ্রেণিতে ক্লাস সপ্তাহে দুই দিন করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আজ।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এখন বিভিন্ন শ্রেণির ক্লাসের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়েছে। প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও এক দিন করে বাড়িয়ে দুই দিন করার চিন্তা চলছে।
এদিকে বিশ্ববিদ্যালয়গুলো খোলার প্রক্রিয়াও জোর পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ৫ অক্টোবর খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আজ শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। অবশ্য শুরুতে শুধু স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের হলে তোলা হবে। হলে ওঠার সুযোগ দেওয়ার পর দ্রুত সুবিধাজনক সময়ে এই দুই বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম শুরু হবে। এর বাইরে অন্য সব বিশ্ববিদ্যালয় অক্টোবরে খুলে দেওয়ার আলোচনা ও প্রস্তুতি চলছে।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরদিন ১৩ সেপ্টেম্বর মেডিকেল কলেজে সশরীর শিক্ষাকার্যক্রম শুরু হয়। এখন বাকি শুধু বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীদের অন্তত এক ডোজ করোনার টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ভালো হবে বলে মনে করা হচ্ছে। সে জন্যই বিশেষ উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের প্রক্রিয়াটি শুরু হয়েছে। এ জন্য ইউজিসি একটি ওয়েবলিংক চালু করেছে, যেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকা শিক্ষার্থীরা জন্মসনদ ব্যবহার করে প্রাথমিক নিবন্ধন করতে পারছেন।
নিবন্ধনের পর সেই তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর সরকারের সুরক্ষা অ্যাপে গিয়ে শিক্ষার্থীরা টিকার নিবন্ধন করতে পারবেন। ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের কাজটি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁদের নিবন্ধন যখন হবে, তখন তাঁরা টিকা নিতে পারবেন। ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয়গুলো চাইলে নিজেদের সুবিধামতো সময়ে খুলে দিতে পারবে।
মাধ্যমিকে ক্লাস বাড়ল
শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর খোলার পর চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছিল। আর অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন। যেদিন যেসব শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে, সেদিন তাদের দুটি করে ক্লাস হচ্ছে।
এর মধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গত বৃহস্পতিবারের তারিখ দিয়ে পাঠানো এক নোটিশে মাধ্যমিক স্তরের ক্লাসের নতুন সময়সূচি ঠিক করে দিয়েছে। ২০ সেপ্টেম্বর এটি কার্যকর হবে। এতে অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়ানোর কথা বলা হয়। জানানো হয়, শনিবার ও বুধবার নবম শ্রেণির ক্লাস হবে। অষ্টম শ্রেণির ক্লাস হবে রোববার ও বৃহস্পতিবার। সোমবার সপ্তম ও মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির ক্লাস হবে।
জানা গেছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে। এই পরীক্ষার্থীদের ক্লাস শেষ হয়ে গেলে নবম শ্রেণি ও একাদশ শ্রেণির ক্লাসও প্রতিদিন নেওয়া হতে পারে।
প্রাথমিকেও ক্লাস বাড়ানোর চিন্তা
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস নেওয়ার বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালিত হবে। এখন প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে প্রতিদিন এবং বাকি শ্রেণিগুলোর ক্লাস সপ্তাহে এক দিন করে হচ্ছে। শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধ রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও আরও এক দিন বাড়িয়ে সপ্তাহে দুই দিন করার চিন্তা রয়েছে।