প্রাসঙ্গিক হতে হবে প্রশ্নের উত্তর | এইচএসসি পরীক্ষা ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ আবু মুছা

প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এ বছর ২০২১ সালের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্রে মোট ৩টি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রে ৩০টি প্রশ্ন থাকবে, তার মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। অধ্যায় ৩টি হলো—প্রথম অধ্যায়: প্রাক্ইসলামি আরব, দ্বিতীয় অধ্যায়: হজরত মুহাম্মদ (সা.) (৫৭০-৬৩২ খ্রি.) এবং তৃতীয় অধ্যায়: খুলাফায়ে রাশেদিন।

বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় গুরুত্বসহকারে পড়তে হবে। সৃজনশীল অংশে ভালো নম্বরের জন্য ৩টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে বুঝে পড়ার বিকল্প নেই।

সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথমে উদ্দীপকগুলো ভালোভাবে পড়তে হবে। যে উদ্দীপকের সব কটি প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, সেটির উত্তর আগে লিখবে।

সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে ক, খ, গ ও ঘ প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখা উত্তম।

  1. ক প্রশ্নের উত্তর জ্ঞানমূলক। এটি বইয়ের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া থাকে।

  2. খ প্রশ্নের উত্তর অনুধাবনমূলক। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ের কোনো বিষয় বুঝে তার ব্যাখ্যা করতে হবে।

  3. গ প্রশ্নটি হবে প্রয়োগমূলক। এ ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিষয় বুঝতে হবে এবং পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট ধারণা বা তথ্যের আলোকে তা ব্যাখ্যা করতে হবে।

  4. ঘ প্রশ্নটি হবে উচ্চতর দক্ষতাভিত্তিক। এ ক্ষেত্রে উদ্দীপকের আলোকে পাঠ্যবইয়ের তথ্য ব্যবহার করে নিজস্ব বিচার–বিশ্লেষণের মাধ্যমে মতামত তুলে ধরতে হবে।

    প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে।

মুহাম্মদ আবু মুছা, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা