ভাবুক ছেলেটি
প্রশ্ন: শান্তশিষ্ট ছেলেটি ছোটবেলায় কী কী নিয়ে ভাবতেন?
উত্তর: শান্তশিষ্ট ছেলেটি ছোটবেলায় অনেক কিছু নিয়ে ভাবতেন। তিনি ভাবতেন, রোদ–বৃষ্টির কথা, মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকালে কেন বাজ পড়ে। আরও ভাবতেন, ঝড়ে গাছপালা ভেঙে গেলে কিংবা গাছ কাটলে ওরা ব্যথা পায় কি না।
প্রশ্ন: তিনি কবে, কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন?
উত্তর: তিনি ১৮৭৪ সালে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।
প্রশ্ন: কখন থেকে তিনি ‘বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু’ হয়ে ওঠেন?
উত্তর: তিনি বিলেতে এক বছর ডাক্তারি পড়েন। ১৮৮১ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। লন্ডন থেকে বিএসসি পাস করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তিন ভাগের দুই ভাগ। তিনি অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তাঁর বেতন আরও এক ভাগ কেটে নেওয়া হয়। তিনি এর প্রতিবাদে দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাঁকে স্বীকৃতি দিয়ে সব বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে। আর তখন থেকেই তিনি হয়ে ওঠেন ‘বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু’।
প্রশ্ন: জগদীশচন্দ্র বসুর বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে?
উত্তর: ১৮৯৫ সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করতে সক্ষম হন। কোনো তার ছাড়া তা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর সফলতা অর্জন করেন তিনি। মাত্র ১৮ মাসের মধ্যে করা তাঁর এই পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। এসবের ওপরই বক্তৃতা দিয়ে তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে খ্যাতি অর্জন করেন। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিদ্যুৎ তরঙ্গ সম্পর্কে তাঁর বক্তৃতা। জগদীশচন্দ্র বসুর বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল ১৮৯৮ সালের ‘বিদ্যুৎ-রশ্মির সমাবর্তন’ বক্তৃতা। এই বক্তৃতার প্রধান বিষয় ছিল ‘বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গ’।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
খন্দকার আতিক, শিক্ষক
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা